জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয় এবং আইনের দুর্বল প্রয়োগের কারণেই দেশে উদ্বেগজনক হারে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ কথা বলেন। সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রামিসার বাবা সংশয় প্রকাশ করেছেন আদৌ বিচার হবে কি না। আজ আমাদের সমাজ কোথায় গিয়ে ঠেকেছে! দীর্ঘদিন ধরে সমাজে যে অপশক্তি বাস করছে তাতে তারা নারীকে মানুষ হিসেবে দেখে না, দেখে ভোগ্যপণ্য হিসেবে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন করতে হবে। সরকার প্রকৃত সমাধান চাইলে আজই ঘোষণা দিক-রাজধানী ঢাকাসহ সারা দেশ হবে শিশু ও নারীর জন্য নিরাপদ। অপরাধীদের পাশাপাশি এদের মদদদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘রামিসার পরিবারের হতাশা ও ক্ষোভ আমাদের বিচার ব্যবস্থার রূঢ় বাস্তবতারই প্রতিফলন।’
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লূনা নূর, সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড লাকী আক্তার ও নারী শাখার সদস্য মনোয়ারা বেগম।
শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু নির্যাতন-হত্যার প্রতিবাদে খেলাঘরের মানববন্ধন
৮ বছরের শিশু রামিসাসহ দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীসহ দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় খেলাঘর।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ খেলাঘরের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সকালে ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর’-এর উদ্যোগে মিরপুর বিআরটিসি ডিপোর সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবীর।
বক্তব্যে রেজাউল কবীর বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
একই দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের বাস্কেটবল কোর্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ‘খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণ’।
সংগঠনের সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, মব সংস্কৃতি ও নারী-শিশু নিপীড়নের ভয়াবহ ঘটনা বারবার ঘটছে। অবিলম্বে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানান।
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্ষক ও হত্যাকারী সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন ও মব সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া ও সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন আহমেদ এই দাবি জানান।
তারা বলেন, মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা গোটা দেশকে ক্ষুব্ধ ও শোকাহত করেছে। এই বর্বর ঘটনা প্রমাণ করে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা ব্যবস্থা আজ ভয়াবহভাবে ভেঙে পড়েছে। অপরাধীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, বিচারহীনতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একের পর এক এমন নৃশংস অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে।












