জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভা শেষ করে সিলেটে এসে সমাবেশের মঞ্চে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) হেলিকপ্টারযোগে মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছান তিনি। এরপর বিকেল ৩টা ১০ মিনিটে গাড়িবহর নিয়ে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্ধারিত জনসভাস্থলে আসেন জামায়াত আমির। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা।
সিলেটের সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্বাচনি রূপরেখা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরবেন জামায়াতে ইসলামীর আমির। এ উপলক্ষে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন দলীয় কর্মী-সমর্থকেরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সিলেটে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তিনি। ইতোমধ্যে জনসভায় দলের কেন্দ্রীয় নেতারাসহ সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
জামায়াত আমিরের নির্বাচনি প্রচারণা সফরসূচিতে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে কর্মসূচি থাকলেও সুনামগঞ্জ জেলায় কোনো জনসভা রাখা হয়নি। দলটির শীর্ষ নেতারা জানান, ডা. শফিকুর রহমানের সুনামগঞ্জ যাওয়ার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতা ও দূরবর্তী এলাকা হওয়ায় স্থানীয় সংগঠন সেখানে কর্মসূচি আয়োজন করতে পারেনি। তবে তিনি সুনামগঞ্জে না গেলেও তাকে দেখতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সিলেটে এসেছেন।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নির্বাচনি প্রচারণার এ যাত্রায় একই স্থানে এবার সমাবেশ করছেন জামায়াত আমির।












