জনতার আওয়াজ ডেস্ক
শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারাআত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ বলা হয়েছে। আর এই রাতে পাপমুক্তির আশায় বন্দেগিতে মশগুল রয়েছেন সিলেটের ধর্মপ্রাণ মানুষরা। সিলেটজুড়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।সিলেটের খাবার ও রেস্তোরাঁ
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই মহানগরী ও জেলার প্রায় সবকটি মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্যদিয়ে এই পবিত্র রাতটি পালন করা হয়।
বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার মসজিদসহ বড় বড় মসজিদে মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে রয়েছেন। বাসা-বাড়িতে নারীরাও নামাজ-কোরআন পড়াসহ নফল ইবাদত করছেন।
এদিকে পবিত্র শবে বরাতের রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার ও মহানগরের সবচেয়ে বড় কবরস্থান মানিকপীর টিলায় স্বজনদের কবর জিয়ারত করছেন মুসল্লিরা।
এদিকে পবিত্র রজনীতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগরীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।












