জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ডলার (৩.২৯ বিলিয়ন ডলার)। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে, যখন রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার।
এবার বিজয়ের মাস ডিসেম্বর দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়ে। শেষ হওয়া মাসটিতে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের রেমিট্যান্স আগের মাস নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত বছরের ডিসেম্বরের তুলনায়ও এটি ৫৯ কোটি ডলার বেশি। উল্লেখ্য, গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসেছে ২৬৪ কোটি ডলার।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ডিসেম্বর মাসে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবর ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বর ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বর ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ৩২৯ কোটি ডলার এসেছে। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।












