• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বাইক রেস করতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ রেখেই পালাল বন্ধুরা

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২

এক্সপ্রেসওয়েতে বাইক রেস করতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ রেখেই পালাল বন্ধুরা

এক্সপ্রেসওয়েতে বাইক রেস করতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ রেখেই পালাল বন্ধুরা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অন্য বাইকারদের সঙ্গে গতির প্রতিযোগিতায় (রেসিং) নেমে সড়ক দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাইকার বন্ধুরা তাকে রক্তাক্ত দেখেই পালিয়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সাকিবুল হাসান মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, মানিকগঞ্জ থেকে সকাল ১০টায় বন্ধুদের নিয়ে ১১টি বাইকসহ ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তারা। এ সময় তাদের সঙ্গে ফরিদপুর থেকে আরও ৯ বাইকার যুক্ত হন। ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত বাইক রেস করার কথা ছিল তাদের। শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বন্ধুরা রক্তাক্ত অবস্থায় সাকিবকে রেখেই দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাকিবুলের বান্ধবী আরোহী আক্তার বলেন, আমরা মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুর আসি। সেখান থেকে আরও ৯ জন যুক্ত হয় আমাদের সঙ্গে। আমরা ভাঙ্গা এলে আমিসহ আরও এক বান্ধবীকে রেখে ওরা বাইক রেসিংয়ে যায়। পরেই খবর পাই সাকিব এক্সিডেন্ট করেছে। আমি ভাঙ্গা থেকে ঘটনাস্থলে এসে দেখি সাকিব মারা গেছেন। রেসিং আরও যারা ছিল তারা কেউই এগিয়ে আসে নাই। দুর্ঘটনা দেখেই চলে গেছে।

তিনি আরও বলেন, আসলে ওরা (সাকিব) প্রায়ই বাইক রেস করে। এভাবেই ফেসবুকে অন্যদের সঙ্গে পরিচয়। একসঙ্গে রেসিং করতে গিয়ে সাকিব পড়ে গিয়ে মারা যায়। ওর বাইকার বন্ধুরা ওকে রক্তাক্ত দেখেই পালিয়ে গেছে!

এ ব‌্যাপা‌রে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, একজ‌নের লাশ উদ্ধার করা হয়। ত‌বে কেউ অভি‌যোগ‌ দেয়‌নি।

আ/আ