• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সোহরাওয়ার্দী হাসপাতালে ২ নারীসহ ৩ দালাল আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮

সোহরাওয়ার্দী হাসপাতালে ২ নারীসহ ৩ দালাল আটক

সোহরাওয়ার্দী হাসপাতালে ২ নারীসহ ৩ দালাল আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেছেন ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আবু বক্কর সিদ্দিক (৪৮), মোছা. মাহমুদা খাতুন (৪০) ও মোছা. মনিকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শেরেবাংলানগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন। তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। পাশাপাশি বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর কথা বলে রোগীদের সঙ্গে প্রতারণা করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে মামুন-অর-রশিদকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও রোগীদের স্বার্থ রক্ষায় আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ/আ