• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অপশক্তিকে রাজপথে থেকে যেকোনো মূল্যে রুখবে ১১ দল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৫:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৫:০১

অপশক্তিকে রাজপথে থেকে যেকোনো মূল্যে রুখবে ১১ দল
 

নাশকতা সৃষ্টিকারী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো মূল্যে রুখে দাঁড়াবে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে এই অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাবিলা করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তিনি। বিরোধী দলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।

ঐক্যের ওপর জোর দিয়ে মামুনুল হক আরও বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

সরকার কঠোর হাতে এই নৈরাজ্যকে দমন করবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। তবে, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এরইমধ্যে যতজনের প্রাণ গেছে সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে, মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

সরকারের অবস্থানের প্রশংসা করে মামুনুল হক বলেন, অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন।

বৈঠকে জোটের নেতা অলি আহমদ, রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম