• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দিনাজপুরে চাকরির মেলা, অংশ নেবে ৮০ দেশি-বিদেশি প্রতিষ্ঠান

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:২৯
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:২৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী চাকরির মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশি-বিদেশি প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ থাকবে।

 

আয়োজকরা জানান, ইতোমধ্যে মেলায় অংশ নিতে ১৬ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। তাদের ধারণা, মেলায় প্রায় ২০ হাজার তরুণ-তরুণীর সমাগম হবে।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’ শীর্ষক এ চাকরির মেলার আয়োজন করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের উৎপাদন ও সেবা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

 

মেলায় আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেবে।

শিল্প ও ভোগ্যপণ্য খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।

ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) অংশ নেওয়ার কথা রয়েছে।

 

ঔষধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনসেপ্টা, অ্যাকমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুরসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের পাশাপাশি তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কেও অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন তরুণ-তরুণীরা।

মেলার মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ের চাকরিপ্রত্যাশীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, তাদের দক্ষতা কাজে লাগানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের তরুণদের কর্মমুখী করে তোলা এবং তাঁদের জাতীয় অর্থনীতির মূল স্রোতোধারায় যুক্ত করতে এ মেলা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম