শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের অর্থনৈতিক-সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জি এম কাদেরের ভাষ্যে, দেশ এখন ‘অত্যন্ত খারাপ সময়’ পার করছে। দেশে দারিদ্র্যের হার বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বড় ধরনের বিনিয়োগ না হওয়ার পেছনে ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’ বড় কারণ বলে উল্লেখ করেন একসময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলে আসা জি এম কাদের।
জাপার অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত এ দেশে কোন লোক বিনিয়োগ করবে না। আইএমএফ, বিশ্বব্যাংক কেউ টাকা দেবে না। যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে ততক্ষণ কেউ টাকা দেবে না। কাজেই দেশের স্থিতিশীলতার জন্য এই মুহূর্তেই সমস্ত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে সবাইকে রাজনীতি করতে সুযোগ দিতে হবে।’
একসময় আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টি। পরপর তিন নির্বাচনে জোটসঙ্গী থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয় দলটি। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে; জাতীয় পার্টি বসে প্রধান বিরোধী দলের আসনে। এ নিয়ে জাতীয় পার্টির সমালোচনা হয়েছে বিস্তর।
চব্বিশের আন্দোলনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জি এম কাদেরের নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানা গেছে। এ নিয়ে বিস্তর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়া জি এম কাদের নিজ দলের নেতাকর্মীদেরই সতর্ক করেছেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির যে লোক আওয়ামী লীগকে শত্রু দাবি করবে, বাজে কথা বলবে, তারা জাতীয় পার্টি থেকে খারিজ হয়ে যাবে। ভবিষ্যতে আমি তাদের সাথে কোনো রাজনীতি করব না।’
চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার ওপর কে বা কারা গুলি করেছে, তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনুসন্ধান করতেও সরকারের প্রতি দাবি জানান জি এম কাদের।













