• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:২৪
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:২৪

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। ঘটনার রাতে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন বলে দাবি করেছেন এ ঘটনায় আটক তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। শুধু তাই নয়, যারা ধাওয়া করেছিল তারা পুলিশের লোক বলেও দাবি করেছেন তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দীপ এসব তথ্য জানিয়েছেন। তার দাবি, ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দিলে তিনি নিজে পালিয়ে আত্মরক্ষা করেন। তবে কারা এবং কী কারণে তাদের ধাওয়া করেছিল, সে বিষয়ে তার বক্তব্য যাচাই করছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধারের পর রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়। ঘটনাটির ছায়াতদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে সংস্থাটি।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি তার ব্যবহৃত মোটরসাইকেল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার আগে পাওয়া সিসিটিভি ফুটেজেও তাহসিফের মোটরসাইকেলের পেছনে কোনো নম্বরপ্লেট দেখা যায়নি। উদ্ধার হওয়া মোটরসাইকেলটিরও নম্বরপ্লেট নেই।

তদন্তসংশ্লিষ্ট পিবিআইয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, রাজবাড়ী ঘাট এলাকায় যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি মাদক কারবারিদের পরিচিত আস্তানা। তাদের প্রাথমিক ধারণা, মাদক কারবারি কিংবা কোনো দলের ধাওয়ার মুখে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাহসিফ নদে ঝাঁপ দেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে আটক দীপের বক্তব্যে তদন্তে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। রাতভর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর তিনি দাবি করেন, ধাওয়াকারীরা সাধারণ অপরাধী নয়, পুলিশের লোক ছিল। তার এই বক্তব্যের সত্যতা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

পরিবার ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মুঠোফোনে পাঠানো শেষ ভয়েস মেসেজে দ্রুত বাসায় ফেরার কথা জানান তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার হাতঘড়ি ও পকেটে থাকা জিনিসপত্র পাওয়া গেলেও মোটরসাইকেলটির কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই মেট্রো উত্তর। এর আগে উত্তরার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে দীপের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে এলাকা ছাড়েন তাহসিফ ও দীপ।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে উত্তরায় তাহসিফকে দাফন করা হয়। তার বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এটা কোনোভাবেই আত্মহত্যা নয়। সরকার সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম