শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভোলার দৌলতখান উপজেলায় মরিয়ম বেগম, (৫৫) নামে এক বিধবা নারীকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে তার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই ওয়ার্ডের মৃত নাছির সাজির স্ত্রী বলে জানা গেছে।
ভুক্তভোগী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, দুপুরে হঠাৎ মোটরসাইকেলে করে দুইজন অপরিচিত ব্যক্তি আমাদের বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন এবং আমার ছবি তুলতে হবে বলে জানান। এরপর ছবি তোলার কথা বলে কানে থাকা দুটি সোনার দুল খুলতে বলেন তারা। তাদের কথা মতো কানের দুল খুলে হাতে নেওয়ার পর অভিযুক্তরা দুলটি দেখতে চাওয়ার কথা বলে তাদের নিজেদের হাতে নেয়। এবং একপর্যায়ে আমি কিছু বুঝে ওঠার আগেই দুল নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ওই অজ্ঞাত দুই যুবক পালিয়ে যায়। এর আগে তাদেরকে এলাকায় দেখিনি। প্রশাসনের কাছে আমার দুল উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি চাই।
স্থানীয় বাসিন্দা মো.আনোয়ার ও রকিবুল ইসলাম বলেন, ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে এলাকায় এমন ঘটনা ঘটেনি। সরকারের মহৎ উদ্যোগ, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় বিধবা নারীর সাথে প্রতারণায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক সাজার দাবিও জানান তারা।
সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী নারী এখনও থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













