• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বগুড়ায় পরিবহন ধর্মঘট: চরম ভোগান্তিতে মানুষজন

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৫:৪৭
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৫:৪৭

 

১০ দফা দাবিতে বগুড়াসহ রাজশাহী বিভাগের ডাকা পরিবহন ধর্মঘটের আজ (২ ডিসেম্বর) দ্বিতীয় দিন চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে বগুড়ায় ৩৪টি রুটে বাস, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে যাতায়াতের জন্য একমাত্র যানবাহন অটোরিকশা ও মোটরসাইকেল। এতে চাকরিজীবী ও সাধারণ মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।

এর আগে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। দশ দফা দাবি আদায়ে গত ২৬ নভেম্বর নাটোরের কানাইখালী আরপি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের আট জেলার সব যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

২ ডিসেম্বর শুক্রবার বগুড়া-ঢাকা ও বগুড়া-রংপুর মহাসড়ক ছাড়াও বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক ঘুরে দেখা গেছে। সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদের যোগাযোগ মাধ্যম অটোরিকশা ও মোটরসাইকেল। চাকরিজীবী ও শ্রমিকেরা জানান, বাস না থাকায় তাঁদের অটোরিকশায় কর্মস্থলে যেতে হচ্ছে। এতে করে সময় ও টাকা বেশি লাগছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ধান কাটা কৃষি শ্রমিকেরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা বাস না পেয়ে ট্রাকে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।

জরুরি কাজে আজ রাতেই ঢাকায় পৌঁছাতে হবে এমনটাই জানালেন শেরপুরের নজরুল ইসলাম। বাস বন্ধ রয়েছে জানতে পেরেও তিনি শেরপুর ও ঢাকা-বগুড়া আন্তঃবাসের টিকেট কাউন্টারে এসেছেন যদি কোনো উপায় হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি সিএনজি দিয়ে সিরাজগঞ্জ রোড, তারপর উল্লাপাড়া বা কড্ডার মোড়ে গিয়ে ট্রেনে বা অন্য উপায়ে ঢাকা যাবেন।

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে প্রশাসন দাবি পূরণ না করায় ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের সব জেলায় বাস, ট্রাক (যাত্রী ও পণ্যবাহী পরিবহন) চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সংগঠনটির সভাপতি শাহ মো. আকতারুজ্জামান ডিউক জানান, ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। এছাড়া রংপুর বিভাগের আট জেলার গাড়িগুলোও বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি পণ্য ও অন্যান্য গাড়ি বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়ক দিয়ে ঢাকাসহ অন্য জেলায় যেতে পারছে। তাছাড়া সরকারের সাথে দাবী-দফার বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে তিনি দাবী করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম