• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিশেষ অভিযান: চারদিনে সারাদেশে গ্রেফতার ১৩১৯

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১১:৪৪
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১১:৪৪

 

গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে সারাদেশে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে রবিবার পর্যন্ত (চার দিনে) এক হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুই হাজার ২২৬টি অভিযান চালানো হয়। অভিযানে দুটি বন্দুক, বেশকিছু চাকু, ছুরি, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকের মধ্যে ২৫ হাজার ১৩৭ পিস ইয়াবা এবং ২০০ কেজি গাঁজা রয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান বিশেষ অভিযানে একদিনে ২৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার ফারুক হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে অনেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া বিস্ফোরক, নাশকতা, মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান চলবে। এ অভিযান পরিচালনা করতে পুলিশের সব বিভাগের ডিআইজি, ইউনিট প্রধান ও এসপিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ অভিযানের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন, ব্যক্তিগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করছে পুলিশ। এছাড়া আবাসিক হোটেল, মেস, কমিউনিটি সেন্টার, প্রতিষ্ঠানেও অভিযান চলছে। বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিদের তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। তাদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম