পাবনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
পাবনার বেড়া উপজেলায় সাম্প্রতিক অস্থিরতা ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা বন্ধে প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি িএ কথা বলেন। এতে সভাপতিত্ব করের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন,কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল সরকারের চাইতে বড় হতে পারে না। তিনি বলেন সমস্যার একটি স্থায়ী সমাধান দরকার।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি জানান, পৌরসভার বাইরের প্রত্যন্ত কিছু অঞ্চলে বসবাসরত বিএনপির কয়েকজন নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসনের কার্যকারিতা নিয়ে সংসদ সদস্য বলেন, আমাদের বর্তমান ওসির কিছু দুর্বলতা রয়েছে নানান কারণে। আমি অনেকবার তাকে সংশোধন হওয়ার জন্য বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তিনি যদি একটু সজাগ হতেন এবং দু-চারজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এসব ঘটনা এভাবে ঘটত না।
তিনি আরও উল্লেখ করেন, থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও সাহসের অভাব বা অনীহা কাজ করতে পারে। তারা যদি ওসিকে সহযোগিতা না করেন তবে তার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।
এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ের পেছনে অর্থনৈতিক স্বার্থ জড়িত রয়েছে বলে উল্লেখ করেন সেলিম রেজা হাবিব। তিনি বলেন, এই আধিপত্য বিস্তারের লড়াইয়ের পেছনে অর্থনৈতিক কিছু বিষয় রয়েছে। সেটি হলো মাদক এবং চোরাই বালু বিক্রি। মুষ্টিমেয় কিছু লোকজন এসব অবৈধ ব্যবসাকে পুঁজি করে গ্রামের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে অস্থিরতা তৈরি করছে। হাতেগোনা এই কয়েকজন মানুষকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, এসআরবি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার, এনএসআই ডিডি রবিউল ইসলাম, বেড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাসসুর রহমান সোমেজ, সাবেক সাধারন সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনভর বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও তৎপরতাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বেড়া মডেল থানার সামনে অবস্থান নেন এবং স্লোগান দেন।
পরদিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় মিছিল বের করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ফের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বেড়া পৌর এলাকার এক বিএনপি নেতা ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে তার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ তোলেন।













