শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে আগামী ১০০ বছরের কথা বিবেচনায় নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা। একই সঙ্গে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ মূল্যায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণ এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘দৃশ্যমান সমস্যা অবারিত সম্ভাবনার গাজীপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।ঘড়ি কিনুন
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। এতে যানজট, শিল্পবর্জ্য, জলাবদ্ধতা, অপরিকল্পিত শিল্পায়ন, মাদক, কিশোর গ্যাং, বনভূমি দখল ও কৃষিজমি ভরাটসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন চালু এবং প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতির সুপারিশও করা হয়।
মূল প্রবন্ধে বিআরটি প্রকল্প বাতিল ও নির্মিত অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। প্রকল্পটি কেন বাতিল করা হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ এবং অনিয়ম, দুর্নীতি বা পরিকল্পনাগত ত্রুটি থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার সুপারিশ করা হয়।
বক্তারা বলেন, গাজীপুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি এবং ১৮ জেলার মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ গাজীপুরে বসবাস করেন। তাই জনসংখ্যা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জেলার উন্নয়নে মহাপরিকল্পনা করতে হবে। বিআরটি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল বলে এসময় উল্লেখ করেন তিনি। মাদক নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্ব দেন এই সংসদ সদস্য।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় না নিয়েই জেলায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে পরিকল্পনা না করলে একসময় গাজীপুর বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, যানজট নিরসনের জন্য বিআরটি প্রকল্প নেওয়া হলেও এতে সমস্যার সমাধান হয়েছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন। তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের প্রস্তাব দেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, বিআরটি প্রকল্পের পরিবর্তে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা দরকার। তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাজীপুর পর্যন্ত সম্প্রসারণ, বাসভাড়া কমানো এবং মাদক নির্মূলে পুলিশের সংস্কারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জয়দেবপুরে পার্ক নির্মাণ ও আগামী পাঁচ বছরের মধ্যে কাপাসিয়া পৌরসভা গঠনের প্রস্তাব দেন তিনি।
বৈঠকে আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা এবং সাংবাদিক ফোরামের নেতারা।













