• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজশাহীতে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, খড়কুটোর মতো উড়ে যাবে: মিনু

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৪:৩৩
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৪:৩৩

 

বিএনপি চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে নাটোর থেকেই লক্ষাধিক মানুষ যাবে। নাটোর জেলা বিএনপির দুর্গ, তাই রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে নাটোর জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাখ খানেক জনতা অংশগ্রহণ করবে। জনগণ স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি চায়। তাই এদিন মানুষের বাঁধ ভাঙ্গা স্রোতে রাজশাহীর মাদরাসা মাঠই শুধু নয় পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা খড়কুটোর মতো উড়ে যাবে।’

মিজানুর রহমান মিনু আজ শনিবার নাটোর শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে জেলা বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিষয়ক ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ ও জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘স্বাধীনতার মাসে জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়ে লালসবুজ পতাকা এনেছিলেন সেই অনুপ্রেরণায় মানুষ বাঁশের লাঠি হাতে সব বাধা এড়িয়ে নাটোর থেকেই লক্ষাধিক মানুষ সমাবেশে অংশ নেবে। ৩০ নভেম্বর থেকে বাস, ট্রাক, ট্রেন ও পদব্রজে রাজশাহীতে হাজির হবেন জিয়ার সৈনিকেরা।’

এদিকে আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে নাটোরে বিএনপি বিভিন্ন ইউনিটে সভা করছে। সমাবেশে নাটোর থেকে কত নেতাকর্মী অংশ নেবেন, কিভাবে যাবেন সে হিসাব করছেন তারা। এরই মধ্যেই জেলা, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের শাখা কমিটি সভা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। রাজশাহী বিএনপির গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনি এলাকা নাটোর। তাই সবার দৃষ্টি এই নেতা ও নাটোর জেলা বিএনপির ওপর।

নাটোরের সাত উপজেলা থেকে নেতাকর্মীদের অনেকে একদিন আগে অর্থাৎ ২ ডিসেম্বর সকাল নাগাদ বাইসাইকেল, অটোরিকশা, মোটরসাইকেল ও গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছাবেন বলে প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ‘নেতাকর্মীরা চিড়া, মুড়ি, গুড় ও পানি নিয়ে সমাবেশের উদ্দেশ্যে যাবেন। কোনো বাধাকেই বাধা মনে করছি না আমরা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম