• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে অকূটনীতিসুলভ আচরণ করেছে সরকার : রব

প্রকাশ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ৫:৫৮
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ৫:৫৮

 

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিপর্যয়কে সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে যুক্তরাষ্ট্রকে ভর্ৎসনা করার মতো অকূটনীতিসূলভ আচরণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, র‌্যাবের কার্যক্রমের সব দায়-দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে দিয়ে সরকার নিজের দায়মুক্তির পথ খুঁজতে চাচ্ছে।

রোববার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রব বলেন, সরকারপ্রধান বলেছেন র‌্যাব সৃষ্টি করেছে কে? র‌্যাব সৃষ্টিতো হয়েছে আমেরিকার পরামর্শে, আমেরিকাই তাদের ট্রেনিং দেয়, অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার এমনকি তাদের ডিজিটাল সিস্টেম, আইসিটি সিস্টেম সবই আমেরিকার দেওয়া।

‘স্বাধীন সার্বভৌম একটি দেশের এলিট ফোর্স অন্য দেশের পরিকল্পনায় পরিচালিত হতে পারে না। এটা খুবই বিব্রতকর এবং অমর্যদাকর, এতে রাষ্ট্রের কর্তৃত্ব ক্ষুণ্ন হয়।’

তিনি বলেন, রাষ্ট্র যদি স্বীয় স্বার্থে রাষ্ট্রীয় বাহিনী বা প্রতিষ্ঠান এবং কাঠামোর ওপর আইনি নির্দেশ বা সিদ্ধান্তের বাস্তবায়ন করতে না পারে তাহলে রাষ্ট্রের কর্তৃত্ব নস্যাৎ হয়ে যায়,পরিশেষে রাষ্ট্র ধ্বংসের দিকে ধাবিত হয়। ভূ-রাজনৈতিক বাস্তবতায় আমাদের অস্তিত্বের স্বার্থেই এসব বিষয়ে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

রব বলেন, মনে রাখা উচিত, অপরাধমুক্ত সমাজ গঠনে ‘র‌্যাব’ কোনো যৌক্তিক সমাধান নয়। মূলত যে আর্থসামাজিক কারণে অপরাধসমূহ সংঘটিত হচ্ছে তা নিরসনে বিদ্যমান উপনিবেশিক শাসনব্যবস্থা অকার্যকর। স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রকাঠামো প্রবর্তনই হচ্ছে এর সমাধান। র‌্যাব গঠনের মাধ্যমে রাষ্ট্রের মূল সংকটকে উপেক্ষা করা হয়েছে মাত্র। শুধু তাই নয়, র‌্যাব আজ মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত।

তিনি বলেন, প্রচলিত নিপীড়নমূলক উপনিবেশিক শাসনব্যবস্থার পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রকাঠামো প্রবর্তনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সব পর্যায়ে শ্রম, কর্ম ও পেশার প্রতিনিধির সমন্বয়ে সমাজের সব অংশীজনের অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বাস্তবায়নে দেশবাসীর প্রতি গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম