লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে।
রোববার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার নিক্ষেপ, কিল, ঘুষি ও লাথি দিয়ে রক্তাক্ত করেন শাহেদ ও তার অনুসারীরা। হামলা ও মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জুয়েল হোসেন নীরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। অন্যদিকে অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে শাহেদ ও জুয়েলের মধ্যে মুঠোফোন কেনাবেচা নিয়ে মারামারি হয়েছিল। সেই ঘটনার রেশ ধরে সদর হাসপাতালে জুয়েলকে মারধর করেন শাহেদ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













