• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:২৯
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:২৯

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
 

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমানসহ ছয়জনের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে অর্জিত ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার দেশে না এনে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

অভিযোগপত্র দাখিলের অনুমোদন পাওয়া অন্য আসামিরা হলেন কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

দুদকের তদন্তে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানায়, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং পরিচালক ও শেয়ারহোল্ডার ছিলেন ইমতিনান ওসমান, জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে প্রতিষ্ঠানটি ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ মিনিট আন্তর্জাতিক ইনকামিং কল গ্রহণ করে। প্রতি মিনিটে শূন্য দশমিক ০৩০ মার্কিন ডলার হিসাবে এসব কলের বিপরীতে আয় হয় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ ডলার।

আইন অনুযায়ী, আন্তর্জাতিক কলসেবার মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট অ্যাকাউন্টের হিসাব বিবরণী পর্যালোচনা করে দুদক দেখতে পায়, ওই অর্থের মধ্যে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ ডলার দেশে এসেছে। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ ডলার দেশে আসেনি।

দুদকের হিসাবে, দেশে না আসা ওই অর্থের বাংলাদেশি মুদ্রায় মূল্য ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা। প্রতি ডলার ৭৭ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

দুদক আরও জানায়, ২০১৩ সালের ৪ আগস্ট কে টেলিকমিউনিকেশন্সের তৎকালীন চেয়ারম্যান সালমা ওসমান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং পরিচালক ও শেয়ারহোল্ডাররা তাদের সব শেয়ার মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রাকিবুল ইসলামের নামে স্থানান্তর করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর কোম্পানির ফরম-১২-তে নতুন শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদ করা হয়।

তবে তদন্তকালে নতুন শেয়ারহোল্ডারদের দেওয়া ঠিকানায় চিঠি পাঠিয়ে এবং সরেজমিন পরিদর্শন করে সেসব ঠিকানা ভুয়া বলে জানতে পারে দুদক। সেখানে ওই নামের কোনো ব্যক্তির বসবাসের তথ্য পাওয়া যায়নি। দুদকের ভাষ্য, ভুয়া ব্যক্তিদের নামে শেয়ার স্থানান্তরের মাধ্যমে আগের মালিক ও শেয়ারহোল্ডাররা সুবিধা ভোগ করেছেন।

তদন্তে আরও উঠে এসেছে, আলোচ্য সময়ে শামীম ওসমান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে নিজের প্রভাব খাটিয়ে স্ত্রী সালমা ওসমান, শ্যালক তানভীর আহমেদ ও ছেলে ইমতিনান ওসমানকে বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা করেন। পারিপার্শ্বিক অবস্থা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

দুদকের এই মামলাটি ২০২৫ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সমন্বিত জেলা কার্যালয় থেকে দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন দুদকের সাবেক পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু।

দুদকের অনুমোদন অনুযায়ী, ছয় আসামির বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় বিচারার্থে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম