• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

অতিমাত্রার ইসরাইলপ্রীতিই কাল হলো ট্রাম্পের

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:০৪
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:০৪

অতিমাত্রার ইসরাইলপ্রীতিই কাল হলো ট্রাম্পের
 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান অনীহা অন্যতম কারণ বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াকেও দলটির ভরাডুবির জন্য দায়ী করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসে সংবাদমাধ্যমটির প্রতিনিধি রস ডাউথাট সাক্ষাৎকারটি নেন।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকান পার্টি। নির্বাচনে এমন বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের জনপ্রিয়তা এখনো অটুট বলে দাবি করেন ট্রাম্প। তার মতে, রিপাবলিকান প্রার্থীরা তার জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পারেননি।

ট্রাম্প বলেন, ‘প্রথমত, আমি নিজে নির্বাচনে প্রার্থী ছিলাম না। তবে কয়েকজন প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছি। আমি যদি নির্বাচনে প্রার্থী হতাম, তাহলে পরিস্থিতি অনেকটাই ভিন্ন হতো।’

নিজের নির্বাচনি সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি। তবে ভোটারদের সিদ্ধান্তে অন্য কিছু বিষয় প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এর বাইরেও কিছু বিষয় ছিল। মানুষ যুদ্ধ পছন্দ করেনি। তারা জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াও মেনে নিতে পারেনি।’

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, সবাই একমত যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’

সাক্ষাৎকারে ইসরাইলের প্রতি মার্কিনিদের নেতিবাচক মনোভাবের বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আর অবিশ্বাস্য হলেও সত্য, ইসরাইলের প্রতি মানুষের ব্যাপক অনীহা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের প্রতি একধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। সুতরাং আপনারা যুদ্ধের বিষয়টি পাচ্ছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টিও পাচ্ছেন। আমার মনে হয়, এগুলোই পরাজয়ের প্রধান কারণ।’

তবে মার্কিন ভোটারদের কোন শ্রেণির মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেড়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্যও তুলে ধরেননি তিনি।

সাক্ষাৎকারে নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ নীতির ঐতিহ্যগত যুদ্ধবিরোধী অবস্থানের কথাও স্বীকার করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘মাগা নীতির আন্দোলন এবং আমি সব সময়ই যুদ্ধ থেকে দূরে থাকতে চাই।’

ট্রাম্পের দাবি, তার প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম