• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৪৫

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এ-সংক্রান্ত বক্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন অবস্থায় ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্বেগ তৈরি করেছে। এটি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

রিজভীর বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। সেসব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। আইনবহির্ভূত পন্থা অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তাই পুলিশকে প্রচলিত আইনের আওতায় থেকেই দায়িত্ব পালন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে যুবসমাজের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়ানো যাবে না। যুবকদের কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষ আতঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তরুণদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম