• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান জবি উপাচার্য

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৬:২৫
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৬:২৫

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শুক্রবার (২২ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে এসেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া করেছি। যেন আসন্ন নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এ সরকার যেন ক্ষমতায় আসে। সে প্রতিজ্ঞাই আমরা করেছি।

বিশ্ববিদ্যালয়ের আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে সাদেকা হালিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা প্রকট থাকায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম। নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য দ্রুত কয়েকটি আবাসিক হল নির্মাণ করা খুবই জরুরি। কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে ভৌত কাঠামো না থাকলে সেখানে কাজ করা কঠিন হয়। এছাড়া দুঃখজনক হলো এখানে খেলাধুলার মাঠ নেই। একটি মাঠ থাকলেও এখন তা বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। নতুন ক্যাম্পাস হওয়াও সময় সাপেক্ষ। ফলে টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর নিকট আমি আহ্বান জানাবো আমার শিক্ষার্থীদের জন্য মাঠ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ক্ষেত্রে এগিয়ে নিতে চান জানিয়ে জবি উপাচার্য বলেন, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা ও গবেষণা ভাতা বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। খুব দ্রুতই এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রোগ্রাম চালু করতে চাই। ডিনস অ্যাওয়ার্ড জবিতে অনুমোদিত হয়েছে। কিন্তু ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু নেই। ধারাবাহিকভাবে সুচিন্তিত পরিকল্পনায় ধাপে ধাপে এগুলো নিয়ে কাজ করবো। এসময় তিনি ডিনদের সঙ্গে টিমমেট হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিন সমাধিসৌধের পাশে এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতি, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সমিতির নেতারা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম