• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আ’লীগের বীজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: জিকে গউছ

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩১
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩১

 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সবাই পালিয়েছে কিন্তু তাদের বীজ এ দেশে রেখে গেছে। ওই বীজ আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটি দল তাদের ছত্রছায়ায় সেই বীজকে গুরুত্ব দিচ্ছে এবং আগামী নির্বাচনে তাদের সহযোগিতা নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে অনেক কঠিন লড়াই হবে এবং সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপির বিজয় হবে।

দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ থেকে আওয়ামী লীগ পালিয়েছে ঠিকই কিন্তু আওয়ামী শক্তি মিলে যারা আগামী জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

জিকে গউছ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা দিয়েছেন, তা জাতির মুক্তির রক্ষাকবচ। তারেক রহমান অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। আজকে থেকে দুই বছর আগেই তো জাতির সামনে সেটি দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি কাউন্সিলের মাধ্যমে সারা দেশে নেতৃত্ব সৃষ্টি করছে। এটার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা শুরু হয়েছে। কাউন্সিলের নেতা নির্বাচন করবেন এই নেতৃত্বের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি সমস্ত চক্রান্তকে প্রতিহত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।

তিনি আরও বলেন, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে জাতি নিজের অধিকারের জন্য বুক পেতে দিয়েছে, সেই জাতিকে কেউ কোনোদিন রুখতে পারেনি। দেশের মানুষের ভালবাসা যদি বিএনপির সঙ্গে থাকে, দেশ-বিদেশের কোনো চক্রান্ত বিএনপিকে রুখে দিতে পারবে না। বিএনপি সারা বাংলাদেশের মানুষের মণিকোঠায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদস্য আব্দুল মুকিত, বকশী মিসবাহুর রহমান, ফখরুল ইসলাম, মোহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম