• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরাকের সঙ্গে কুর্দিস্তানের বিরোধ নতুন করে তীব্র হওয়ার নেপথ্যে কী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১৮
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১৮

 

ইরাকের কেন্দ্রীয় সরকার ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে তীব্র হয়েছে। তেলসম্পদ, রপ্তানি আয়, কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ এবং বিতর্কিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের টানাপোড়েন এবার আরও বিস্তৃত হয়েছে সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণের প্রশ্নে। গত ২৪ নভেম্বর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন চার প্রদেশের কয়েকটি তেলক্ষেত্র পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাগদাদের দাবি, রাষ্ট্রীয় তেলসম্পদ ও জাতীয় রাজস্ব রক্ষা এবং তেল পাচার বন্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানি সিদ্ধান্তগুলোকে ‘বিস্ময়কর’ ও ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। তার অভিযোগ, বাগদাদের সাম্প্রতিক সিদ্ধান্ত আগের আলোচনায় পাওয়া আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। কুর্দি নেতারা বলছেন, বিরোধের সমাধান হতে হবে ইরাকের সংবিধান ও ফেডারেল কাঠামোর ভিত্তিতে; একতরফা নির্দেশ বা সামরিক ভাষায় নয়।

এই বিরোধের পেছনে রয়েছে দুই দশকের বেশি সময়ের রাজনৈতিক দ্বন্দ্ব। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের নতুন রাষ্ট্রকাঠামোয় কুর্দিস্তান অঞ্চলকে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়। কিন্তু তেলসম্পদের মালিকানা, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি, রাজস্ব বণ্টন এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রশ্নে বাগদাদ ও এরবিলের মতপার্থক্য কখনোই পুরোপুরি মেটেনি।

প্রধানমন্ত্রী আল-জাইদির সর্বশেষ নির্দেশের সূত্রপাত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ অয়েল কোম্পানিতে তেল পাচারের অভিযোগের তদন্ত থেকে। ইরাকের উত্তরাঞ্চলের তেল ও গ্যাসক্ষেত্র পরিচালনাকারী এই কোম্পানির কার্যক্রমে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। তদন্তের প্রতিবেদন পর্যালোচনার পর প্রধানমন্ত্রী সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে অপসারণ, নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তাঁর ডেপুটিদের সাময়িক বরখাস্ত এবং কিরকুকের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেন।

ইরাকে কিরকুক ও কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ থেকে তেল পাচার করে ইরান হয়ে আফগানিস্তানে পাঠানোর পথ ব্যবহার করা হচ্ছিল। এসব তেলের একটি অংশ রাষ্ট্রীয় নর্থ অয়েল কোম্পানির উৎপাদিত। পাচার চক্রের মাধ্যমে কয়েক শ কোটি ডলারের সমপরিমাণ অর্থ উপার্জনের অভিযোগও সামনে এসেছে।

তবে এসব অভিযোগের সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরান ও আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহও তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে। ফলে তেল পাচারবিরোধী অভিযানের পাশাপাশি বিষয়টি ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা দ্বন্দ্বের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী আল-জাইদির কার্যালয় বলেছে, জাতীয় সার্বভৌমত্ব অবিভাজ্য এবং দেশের সম্পদ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তার নির্দেশ অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিংয়ের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সীমান্ত বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি কুর্দিস্তান আঞ্চলিক সরকার কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য রপ্তানির অনুমতি দিতে পারবে না।

তেল মন্ত্রণালয়কে দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন ও নিনেভেহ প্রদেশের নির্দিষ্ট তেলক্ষেত্র পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে। এসব প্রদেশের কয়েকটি এলাকা কুর্দি বাহিনীর নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নির্দেশ বাস্তবায়ন করতে গেলে কেন্দ্রীয় সরকার ও কুর্দি কর্তৃপক্ষের মধ্যে সরাসরি বিরোধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কুর্দি নিরাপত্তা নিয়ন্ত্রণাধীন খোরমালা তেলক্ষেত্র নিয়ে উত্তেজনা বাড়তে পারে।

বাগদাদ ও এরবিলের বিরোধের অন্যতম প্রধান বিষয় কে ইরাকের তেল বিক্রি করবে এবং সেই আয় কীভাবে বণ্টিত হবে। ইরাকের কেন্দ্রীয় সরকারের অবস্থান, রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এসওএমওই (সোমো) একমাত্র প্রতিষ্ঠান, যারা দেশের অপরিশোধিত তেল রপ্তানির অধিকার রাখে। কিন্তু কুর্দিস্তান আঞ্চলিক সরকার বহু বছর ধরে নিজস্ব চুক্তির আওতায় উৎপাদিত তেল স্বাধীনভাবে রপ্তানি করেছে।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর কেআরজি বিদেশি তেল কোম্পানিগুলোর সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি স্বাক্ষর শুরু করে। এসব চুক্তির আওতায় কোম্পানিগুলো কুর্দিস্তানে তেল অনুসন্ধান ও উৎপাদনে বিনিয়োগ করে। কিন্তু বাগদাদ এসব চুক্তির বৈধতা নিয়ে আপত্তি জানায়। কেন্দ্রীয় সরকারের মতে, জাতীয় সম্পদের ওপর একক কর্তৃত্ব কেন্দ্রীয় রাষ্ট্রের, তাই আঞ্চলিক সরকারের স্বাধীনভাবে তেল বিক্রির অধিকার নেই।

২০২২ সালে ইরাকের ফেডারেল সুপ্রিম কোর্ট কুর্দিস্তানের তেল ও গ্যাস আইনকে অসাংবিধানিক ঘোষণা করেন। আদালত কুর্দি কর্তৃপক্ষকে উৎপাদিত তেল বাগদাদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন এবং আঞ্চলিক সরকারের অধীনে স্বাক্ষরিত চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়কে দেন। তবে কেআরজি ওই রায় প্রত্যাখ্যান করে। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিগুলো নিয়ে ইরাকের আদালতে আইনি বিরোধ এখনো চলছে।

এই বিরোধের কারণে তুরস্কের জেইহান বন্দরে তেল সরবরাহকারী পাইপলাইন দীর্ঘ সময় বন্ধ ছিল। বাগদাদের অনুমতি ছাড়া কুর্দিস্তানের তেল রপ্তানির অভিযোগে ইরাক ২০১৪ সালে তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরু করে। ২০২৩ সালে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালত ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে অনুমোদনহীন তেল রপ্তানিতে সহযোগিতার জন্য তুরস্ককে ইরাকের প্রায় ১৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

এরপর তুরস্ক পাইপলাইনটি বন্ধ করে দেয়। এতে প্রতিদিন প্রায় ৪ লাখ ৫০ হাজার ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে বাগদাদ, কেআরজি এবং ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী অধিকাংশ বিদেশি উৎপাদক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতে আবার তেল রপ্তানি শুরু হয়। নতুন ব্যবস্থায় কুর্দিস্তান অঞ্চলের উৎপাদিত তেল রাষ্ট্রীয় সংস্থা সোমোর কাছে হস্তান্তর করার কথা বলা হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরাকের তেল মন্ত্রণালয়ও জানায়, বাজেট আইনের বিধান ও ওপেকের উৎপাদনসীমা অনুসরণ করে কুর্দিস্তানের তেল জেইহান টার্মিনাল দিয়ে রপ্তানির প্রক্রিয়া পুনরায় চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বিদেশি উৎপাদকদের উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ে মতপার্থক্য রয়ে যায়। অন্তর্বর্তী চুক্তিতে প্রতি ব্যারেল তেলের জন্য ১৬ ডলার ব্যয় বাবদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়। কুর্দিস্তানের অন্যতম বড় উৎপাদক নরওয়ের কোম্পানি ডিএনও ওই চুক্তিতে যোগ দেয়নি। তারা আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে স্থানীয় ক্রেতাদের কাছে তেল বিক্রি অব্যাহত রাখে।

এদিকে ইরাক ও তুরস্ক ২০২৬ সালের আগস্টে কিরকুক-জেইহান পাইপলাইন চালু রাখতে এক বছরের নতুন চুক্তি করে। চুক্তিতে দৈনিক ৭ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা নির্ধারণ করা হয়। দুই দেশ দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুরস্কের তথ্য অনুযায়ী, অক্টোবরে এই পাইপলাইন দিয়ে ইরাকি তেলের গড় সরবরাহ ছিল দৈনিক প্রায় ৩ লাখ ৭০ হাজার ব্যারেল।

তেল রপ্তানি নিয়ে বিরোধের সরাসরি প্রভাব পড়ে কুর্দিস্তানের অর্থনীতিতে। ইরাকের রাষ্ট্রীয় আয়ের ৯০ শতাংশের বেশি আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। অন্যদিকে কুর্দিস্তান অঞ্চলের সরকার সরকারি কর্মচারীদের বেতনসহ প্রশাসনিক ব্যয় মেটাতে কেন্দ্রীয় বাজেট থেকে অর্থ পাওয়ার ওপর নির্ভরশীল।

বাগদাদের অভিযোগ, কুর্দি কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী তেল ও রাজস্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করছে না। এ কারণে কেন্দ্রীয় সরকার কুর্দিস্তানের জন্য বরাদ্দ অর্থ ছাড়ে বিলম্ব করছে বা কিছু অর্থ আটকে রাখছে। বিপরীতে কেআরজির দাবি, কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য বাজেটের পুরো অর্থ দিচ্ছে না। ফলে দুই পক্ষের বিরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কুর্দিস্তানের সরকারি কর্মচারীরা। তাদের বেতন একাধিকবার বিলম্বিত হয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মিডিয়া ও তথ্য বিভাগ ২০২৬ সালের নভেম্বর মাসে ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট থেকে পাওয়া অর্থের হিসাব প্রকাশ করেছে। তাদের দাবি, ওই ১২ বছরে আইন অনুযায়ী অঞ্চলটির প্রাপ্য অর্থ ছিল প্রায় ১৪৬ ট্রিলিয়ন ইরাকি দিনার। কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়েছে মাত্র ৪১ ট্রিলিয়ন দিনার। অর্থাৎ প্রাপ্য বরাদ্দের বড় অংশই ছাড় করা হয়নি বলে দাবি কেআরজির।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া অর্থ দিয়ে ১৪৪ মাসের মধ্যে মাত্র ৪৬ মাসের সরকারি কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হয়েছে। কেআরজির হিসাব বলছে, ২০২৫ সালে অঞ্চলটির জন্য বরাদ্দকৃত অর্থের তুলনায় কেন্দ্রীয় সরকারের ছাড় করা অর্থ ছিল অনেক কম। ২০২৪ ও ২০২৫ সালেও বেতন বাবদ অর্থ ছাড়ে ঘাটতি ছিল।

তবে এসব পরিসংখ্যান কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নিজস্ব প্রতিবেদন থেকে নেওয়া। কেন্দ্রীয় সরকারের সঙ্গে অর্থের হিসাব, কর্তন ও বরাদ্দের ব্যাখ্যায় তাদের মতপার্থক্য রয়েছে। ফলে এই হিসাবকে বাগদাদ ও এরবিলের বিরোধপূর্ণ আর্থিক দাবির অংশ হিসেবেই দেখা প্রয়োজন।

বাজেট নিয়ে এই বিরোধ শুধু অর্থের পরিমাণে সীমাবদ্ধ নয়। কুর্দিস্তানের বাজেটের অংশ ২০১৭ সাল পর্যন্ত ১৭ শতাংশ থাকলেও ২০১৮ সাল থেকে তা কমিয়ে ১২ দশমিক ৬৭ শতাংশ করা হয়। কেআরজি এই পরিবর্তনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। ২০২৪ সালের আদমশুমারিতে ইরাকের মোট জনসংখ্যার ১৪ দশমিক ১ শতাংশ কুর্দিস্তান অঞ্চলে বসবাস করে বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় বাজেটের অংশ কম থাকাকে বৈষম্য হিসেবে দেখছে আঞ্চলিক সরকার।

বাগদাদ ও কুর্দিস্তানের দ্বন্দ্বে কিরকুকের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলসমৃদ্ধ এই প্রদেশটি কুর্দিস্তান অঞ্চলের আনুষ্ঠানিক সীমানার বাইরে হলেও কুর্দি কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার—উভয় পক্ষই এর ওপর দাবি করে আসছে।

২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) অগ্রযাত্রার সময় কুর্দি বাহিনী কিরকুকের নিয়ন্ত্রণ নেয়। পরে ২০১৭ সালে কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পর ইরাকি কেন্দ্রীয় বাহিনী অভিযান চালিয়ে কিরকুকসহ কয়েকটি এলাকা পুনর্দখল করে। ওই গণভোটের বিরোধিতা করেছিল বাগদাদ এবং প্রতিবেশী দেশগুলো। গণভোটের পর কেন্দ্রীয় সরকারের সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ কুর্দিস্তানের স্বায়ত্তশাসনের প্রশ্নে নতুন উত্তেজনা তৈরি করে।

সর্বশেষ নির্দেশে কিরকুক ছাড়াও দিয়ালা, সালাহউদ্দিন ও নিনেভেহর নির্দিষ্ট তেলক্ষেত্রের ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার কথা বলা হয়েছে। বাগদাদের বক্তব্য, এসব তেলক্ষেত্র কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সীমানার মধ্যে এবং রাষ্ট্রীয় তেল মন্ত্রণালয়ের সম্পদ। কিন্তু কুর্দি বাহিনীর নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

তেল ছাড়াও কুর্দিস্তানের অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস সীমান্ত বাণিজ্য। অঞ্চলটি তুরস্ক, ইরান ও সিরিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। এসব সীমান্ত ক্রসিং দিয়ে আমদানি-রপ্তানি ও বাণিজ্য থেকে উল্লেখযোগ্য রাজস্ব আসে। এত দিন কুর্দিস্তান আঞ্চলিক সরকার এসব ক্রসিংয়ের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

চলতি বছর বাগদাদ একটি ইলেকট্রনিক শুল্কব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে অঞ্চলটির আমদানি ও রাজস্বের ওপর কেন্দ্রীয় সরকারের নজরদারি বাড়ানো হয়েছে। কুর্দি কর্তৃপক্ষের অভিযোগ, এই ব্যবস্থা তাদের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করছে। একই সঙ্গে ব্যবসায়ীদের ডলার পাওয়ার সুযোগ সীমিত করায় বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। কেআরজি একে ‘শ্বাসরুদ্ধকর অবরোধ’ হিসেবে বর্ণনা করেছে।

এ অবস্থায় সব সীমান্ত ক্রসিং কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ কুর্দিস্তানের অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের ওপর আরও চাপ তৈরি করেছে। বাগদাদ একে জাতীয় রাজস্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখলেও কুর্দি নেতারা এটিকে আঞ্চলিক সরকারের ক্ষমতা খর্বের উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

কুর্দিস্তানের গ্যাসসম্পদ নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। গত আগস্টে কেআরজি অভিযোগ করে, ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়াম তাদের অনুমোদন ছাড়াই খোর মোর গ্যাসক্ষেত্র থেকে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ে গ্যাস সরবরাহ শুরু করেছে। কোম্পানি দুটি এক বছরের জন্য দৈনিক ১০ কোটি স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস কিরকুকের বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের ব্যবস্থা করে।

কুর্দি কর্তৃপক্ষের দাবি, এ সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে এবং প্রকল্পের চুক্তিগত কাঠামোর বাইরে। তবে ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়াম অভিযোগ অস্বীকার করে বলেছে, গত জানুয়ারিতেই কেআরজিকে এ বিষয়ে জানানো হয়েছিল। তাদের বক্তব্য, চুক্তি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

গ্যাস সরবরাহের এই বিরোধও দেখায়, তেল ও গ্যাসসম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বাগদাদ ও এরবিলের মতপার্থক্য শুধু রপ্তানি বা রাজস্বের মধ্যে সীমাবদ্ধ নেই; বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও এতে যুক্ত হয়েছে।

আল-জাইদির নির্দেশের পর কুর্দিস্তানের শীর্ষ নেতারা একযোগে আপত্তি জানিয়েছেন। আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি বলেছেন, বাগদাদের সিদ্ধান্ত আগের আলোচনার সঙ্গে সাংঘর্ষিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বিরোধগুলো সংবিধানের ভিত্তিতে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল।

কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি বলেছেন, বাগদাদের সামরিক ভাষায় কথা বলার প্রবণতা তারা প্রত্যাখ্যান করেন। তার মতে, এরবিল ও বাগদাদের মধ্যে আলোচনা চলার সময় এ ধরনের বক্তব্য পরিস্থিতি আরো জটিল করতে পারে। কুর্দিস্তানের ক্ষমতাসীন কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) নেতা মাসুদ বারজানিও বলেছেন, ভিত্তিহীন অভিযোগ ও একতরফা সিদ্ধান্তের মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব নয়।

অন্যদিকে বাগদাদ ২৫ নভেম্বর এক বিবৃতিতে বলেছে, কুর্দিস্তানের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিং নিয়ে সরকারের সিদ্ধান্ত ইরাকের সার্বভৌম কর্তৃত্বের ভিত্তিতে নেওয়া হয়েছে; কোনো বিদেশি শক্তির নির্দেশ বা প্রভাবে নয়। কেন্দ্রীয় সরকারের দাবি, দেশের সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার দায়িত্ব কেন্দ্রের।

ফলে দুই পক্ষের অবস্থান এখন স্পষ্টতই মুখোমুখি। বাগদাদ জাতীয় সার্বভৌমত্ব ও সম্পদের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলছে, আর কুর্দিস্তান আঞ্চলিক সরকার সংবিধানস্বীকৃত স্বায়ত্তশাসন ও ফেডারেল অধিকার রক্ষার দাবি জানাচ্ছে।

নতুন নির্দেশের সময়কালও তাৎপর্যপূর্ণ। ইরাকের ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে বাগদাদ ও এরবিলের আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। কুর্দিস্তান অঞ্চলের জন্য তেল সরবরাহ ও রাজস্ব বণ্টনের পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

বাগদাদ কুর্দিস্তান অঞ্চল থেকে প্রতিদিন ৪ লাখ ৪৫ হাজার ব্যারেল তেল রাষ্ট্রীয় সংস্থা সোমোর মাধ্যমে বাজারজাত করার দাবি জানিয়েছে। অন্যদিকে এরবিল সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার ব্যারেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। এই ব্যবধানের কারণে বাজেট বরাদ্দ, তেল উৎপাদন ও রপ্তানি নিয়ে নতুন করে দর-কষাকষি শুরু হয়েছে।

কুর্দি নেতারা বলছেন, তেল ও সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে একতরফা সিদ্ধান্ত চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার মনে করছে, জাতীয় সম্পদ ও রাজস্ব ব্যবস্থাপনায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠা না করলে পাচার, দুর্নীতি ও আর্থিক অনিয়ম বন্ধ করা সম্ভব হবে না।

ইরাকের বর্তমান পরিস্থিতিতে বাগদাদ ও কুর্দিস্তানের বিরোধ শুধু প্রশাসনিক বা অর্থনৈতিক বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিও। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব বেড়েছে। একই সময়ে কুর্দি বাহিনী ও আঞ্চলিক নেতৃত্ব নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা প্রতিষ্ঠার প্রতিটি উদ্যোগ তাই একাধিক শক্তিশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত হানতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী আল-জাইদি একদিকে তেল পাচার ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছেন। তবে এই উদ্যোগ বাস্তবায়নে কুর্দি নেতৃত্বের বিরোধিতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সমঝোতার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের শেষ সেনাদের ইরাক ত্যাগের পর কুর্দি নেতৃত্বের কূটনৈতিক ও নিরাপত্তাগত অবস্থানও কিছুটা দুর্বল হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনী কুর্দি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ মিত্র ছিল। এ পরিস্থিতিতে বাগদাদ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ।

ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান অঞ্চলের বিরোধ এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে—তেল রপ্তানি, বিদেশি কোম্পানির চুক্তি, বাজেটের অর্থ, সরকারি কর্মচারীদের বেতন, সীমান্ত শুল্ক, গ্যাস সরবরাহ এবং বিতর্কিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ। দুই পক্ষের মধ্যে আলোচনার পথ খোলা থাকলেও একতরফা সিদ্ধান্ত ও পাল্টাপাল্টি অবস্থান সেই পথকে কঠিন করে তুলছে।

ইরাকের স্থিতিশীলতা ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান জরুরি। তেলসম্পদের আয় কীভাবে বণ্টিত হবে, আঞ্চলিক সরকারের সাংবিধানিক ক্ষমতার সীমা কোথায় এবং কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব কীভাবে কার্যকর হবে—এসব প্রশ্নের সমাধান না হলে বাগদাদ ও এরবিলের দ্বন্দ্ব আরও দীর্ঘায়িত হতে পারে। আর সেই অচলাবস্থার সবচেয়ে বড় মূল্য দিতে হবে দুই অঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে বেতননির্ভর সরকারি কর্মচারী ও বাণিজ্যের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীকে।

সূত্র: রয়টার্স, রুদাও, ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো, আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম