• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

ই-ভ্যাটে বারবার প্রযুক্তি বিপর্যয়, ভোগান্তিতে ব্যবসায়ীরা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২৮
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২৮

 

ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়ে ই-ভ্যাট ব্যবস্থা চালু হলেও, ১ বছরে পাঁচ দফা সার্ভার ডাউন বা সার্ভিস বন্ধের ঘটনা ঘটেছে। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে, রিটার্ন জমার সময়ও বাড়াতে হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটালের নামে ব্যয়ের আড়ালে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এনবিআরের পরিকল্পনা ও তদারকিতেও আছে গাফিলতি।

জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫ সালের ২৩ ডিসেম্বর চালু করে ভ্যাট রিটার্ন দাখিলের গুরুত্বপূর্ণ মাধ্যম, ই-ভ্যাট সিস্টেম। অথচ এই ব্যবস্থায় বারবার প্রযুক্তির বিপর্যয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারছে না এনবিআর। চালুর প্রায় ১ বছরে পাঁচ দফা সার্ভার ডাউন বা সার্ভিস বন্ধের ঘটনা ঘটেছে। কখনো রক্ষণাবেক্ষণ, সিস্টেম আপডেট, আবার কখনো অতিরিক্ত ব্যবহারকারীর চাপে বন্ধ হয় সেবা। গত ২৯ মার্চ ই-ভ্যাট সার্ভিস ডাউন, ৯ এপ্রিল সার্ভিস ডাউন, ২৭ এপ্রিল সার্ভিস ডাউন, ২৮ জুন সার্ভিস ডাউন, ১৬ নভেম্বর অতিরিক্ত ব্যবহারকারীর চাপে বন্ধ, ১৫ অক্টোবর প্রশাসনিক সংস্কারে সময় বৃদ্ধি করা হয়।

এর মধ্যে তথ্য হালনাগাদের কথা বলে, গত ২৯ মার্চ ও ৯ এপ্রিল সবচেয়ে বেশি টানা ৩৮ ঘণ্টা সিস্টেমের সব অপারেশন বন্ধ রাখে এনবিআর।

গত ১৫ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিনে একসঙ্গে অতিরিক্ত ব্যবহারকারীর চাপে সার্ভারে জটিলতা তৈরি হয়। এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের।

এক ভুক্তভোগী বলেন, ‘এটার জন্য আমরা মানসিক একটা চাপের মধ্যে থাকি।’

আরেকজন বলেন, মাঝেমধ্যে সার্ভার থাকেই না, লগইন হয় না। ১৫ তারিখ তো ঢোকাই যায় না।’

বিশ্লেষকরা বলছেন, ই ভ্যাটে ডিজিটাল ব্যবস্থার নামে বিপুল অংকের ব্যয় হলেও, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে সুফল পাচ্ছেন না করদাতারা।

ভ্যাট কনসালটেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল ইসলাম টিপু বলেন, ‘৬০০ কোটি টাকা ব্যয় করে আমরা ৫ থেকে ৬ লাখ লোকের রিটার্ন নিতে পারি না। প্রথমে এইটার তদন্ত হওয়া উচিৎ এবং দোষীদের শাস্তির আওতায় আনা উচিৎ।’

আয়কর ও ভ্যাট কনসালট্যান্ট সিদ্দিকা আয়েশা বলেন, ‘ভ্যাট প্রদানকারী আছেন এবং যারা আমাদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছেন তারা এবং আমাদের প্রফেশনাল জায়গায় একটু তো ক্ষতিগ্রস্ত হয়ই।’

প্রযুক্তিগত জটিলতা শুধু করদাতাদের ভোগান্তিই বাড়ায় না, সরকারের রাজস্ব আদায়ের কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয় বলে মনে করেন অর্থনীতিবিদরা।

সিপিডির গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান বলেন, ‘এ ধরনের টেকনিক্যাল জটিলতা যখন বারবার হচ্ছে, তখন ব্যবসায়ীরা কিন্তু সুযোগ পাচ্ছেন পরবর্তীতে অভিযোগ করার জন্য। আমি মনে করি সরকারকে খুব ভালোভাবে এই বিষয়টি দেখা দরকার।’

দেশে প্রায় ৮ লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ে এনবিআর কঠোর হলেও, ডিজিটাল ব্যবস্থার দুর্বলতায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম