• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

একের পর এক মূল্যবৃদ্ধিতে দেশের জনগণ আজ দিশেহারা: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৩:৫৩
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৩:৫৩

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার বাড়ানো হচ্ছে জ্বালানি তেল, ভোজ্যতেল, গ্যাস-বিদ্যুৎ ও পানির মূল্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে দেশের জনগণ আজ দিশেহারা।

তিনি বলেন, এই সরকার আজ দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারকে হটানো আজ সবার জন্য দায়িত্ব হয়ে দাড়িয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের গণদাবী নিয়ে বিএনপি যখন গণ-আন্দোলনের ডাক দিয়েছে তখন এই ফ্যাসিস্ট সরকার তাদের পেটুয়া পুলিশ বাহিনী গুলি করে হত্যা করলো আব্দুর রহিম ও নুরে আলমকে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, এই সরকার টিকে আছে ভয়ভীতি, হত্যা ও দমন-পীড়ন করে। রহিম ও আলমের আত্মত্যাগ চলমান সংগ্রাম ও গণতন্ত্র ফিরিয়ে আনার গণআন্দোলন আরো বেগবান করবে।

ফখরুল বলেন, এই সরকার আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রেখেছে এ সরকার। তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রেখেছে।

‘তারা (সরকার) যে দুর্নীতি করছে তার প্রমাণ মধ্যরাতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেয়া। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন-সহনীয়ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে, অথচ কয়েকঘণ্টার ব্যবধানে ৫০ শতাংশ মুল্য বৃদ্ধি করা হলো। এই বৃদ্ধি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে। পরিবহন, নিত্যপণ্যসহ সর্বক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।’

ফখরুল বলেন, সরকার সরানোর আন্দোলনের কথা বললেই তারা (সরকার) ষড়যন্ত্রের কথা বলেন। আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না। যে অধিকার ও গণতন্ত্রের জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিলো আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

বিএনপি মহাসচিব দেশের সকল রাজনৈতিক দলগুলোকে এক হবার আহবান জানিয়ে বলেন, আর সময় নেই। আসুন একসাথে রাজপথে নামি। জনগণ আজ জেগে ওঠেছে। ঐক্যবদ্ধ গণআন্দোলন মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।

সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল সহ বিএনপির শীর্ষনেতারা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম