• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৪৫
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৪৫

গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে আসিফ মাহমুদ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাজারে সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনতে এসেছি। মুরগি কিনতে গেলে মনে হয়, গরুর দামে কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষ হয়তো ধীরে ধীরে গরুর মাংস ও ইলিশ মাছের কথা ভুলে যাবে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখছি, পরিস্থিতি আগের চেয়ে আরও সংকটজনক হয়ে উঠছে।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর সাত থেকে আট মাসের মধ্যে নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে, বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে কম সময়ে জ্বালানির দাম সবচেয়ে বেশি বাড়ানোর রেকর্ড গড়েছে তারা।

এনসিপির এই নেতা বলেন, মানুষের দুর্ভোগ দ্রুত সমাধান করতে হবে। এসব সমস্যা সমাধানে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। দায়িত্ব পালনে অবহেলা রয়েছে। সরকার ও তাদের সন্তানরা বিভিন্ন ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সংকট, মানুষের দুর্ভোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করবে।

আসিফ মাহমুদ জানান, কর্মসূচির আগে সারা দেশে গণসংযোগ শুরু করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনা হবে এবং সচেতনতা তৈরিতে কাজ করা হবে। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষে আগামী শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম