• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৩
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৩

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান
 

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ও নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এর মাধ্যমে ১৪তম বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনের গৌরব অর্জন করলেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে ৬৮তম ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার হস্তান্তর করেন।

প্রধান মূল অনুষ্ঠানটির আগে গত ১১ নভেম্বর আয়োজিত একটি পাবলিক লেকচার অনুষ্ঠানে নিজের কর্মজীবন, সংগ্রামের অগ্রযাত্রা ও অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন রুনা খান।

সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের মাত্র ৩৫৯ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সম্মাননা লাভ করেছেন।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।’

র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, ‘রুনা খানের মতো ব্যক্তিত্বরা ইতিহাস বদলানোর উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি; বরং তারা চারপাশের সমস্যা ও অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন যে, এসব দেখে মুখ ফিরিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।’

১৯৯৭ সালে যমুনা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে নদীভাঙন, বন্যা ও বাস্তুচ্যুতির শিকার অসহায় মানুষের জীবনযাত্রা সরেজমিন প্রত্যক্ষ করার মধ্য দিয়ে রুনা খানের মানবিক কাজের সূচনা হয়।

সে সময় ওই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারের চরম সংকট ছিল। এই বঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার তাগিদ থেকেই ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ফ্রেন্ডশিপ’।

শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও দুই দশকের ব্যবধানে এটি একটি পূর্ণাঙ্গ সমন্বিত উন্নয়ন প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ খাতে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ।

বর্তমানে এই সংস্থার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ নিয়মিত সেবা ও সহায়তা পাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা

জলবায়ু পরিবর্তন ও স্থানীয় ভৌগোলিক প্রতিবন্ধকতা মোকাবিলায় ফ্রেন্ডশিপের উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস) মডেলটি আজ আন্তর্জাতিকভাবে সমাদৃত।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে এই সংস্থাটি প্রকৃতি-নির্ভর ও দীর্ঘমেয়াদি পরিবর্তনশীল উদ্যোগ বাস্তবায়ন করছে। এর স্বীকৃতিস্বরূপ গত ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ, যা প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এক অনন্য ইতিহাস গড়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম