• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০১
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০১

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বিমান পরিবহণ খাতের ভবিষ্যৎ নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহণ সম্মেলন। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।

এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।

 

সম্মেলনে বিশ্বের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের নীতিনির্ধারক, বিমান পরিবহণ খাতসংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও।

 

সম্মেলনের উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহণ শিল্পের অবস্থা, পরিবর্তন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে বিমান চলাচল খাতের বর্তমান পরিস্থিতি, যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো নিজেদের অবস্থান ও শিল্পের ভবিষ্যৎ চিত্র তুলে ধরে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণকে এবার বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা বিবেচনায় বিমান পরিবহণ খাতের উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় অগ্রগতি আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে। এই অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে চায় সরকার।

এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন। এতে আইকাও কাউন্সিলের সদস্য সংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্য রাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের সমাপনী পর্যায়ে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্রও গ্রহণের কথা রয়েছে।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম