চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সরকার কৃষিপণ্য আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
তিনি বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের পেঁয়াজ, আদা, কাঁচা মরিচসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করতাম। এখনো করি। ধীরে ধীরে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে এসে আমরা কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে চাই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বস্তায় আদা চাষ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জকে আম উৎপাদনের উর্বর জেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, আম রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি কিনতে হতো। এসব যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে আমকে পোকামাকড়মুক্ত নিশ্চিত করা সম্ভব। আম রপ্তানির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরকার সংগ্রহ করেছে। আম পাকার আগেই এসব যন্ত্র চালু করা হবে।
আগামী মৌসুম থেকে আম রপ্তানি ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে সার সংকটের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুতও রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতেও সারের সংকট হবে না।
এর আগে, কৃষিমন্ত্রী হোসেনডাঙ্গা এলাকার একটি টমেটোখেত পরিদর্শন করেন। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।












