মেডিকেল প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে চার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সেমিনার হলে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ১১সদস্যের এই চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে উচ্চতর চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমে অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) মহামান্য ড. লিউ ইউয়িন উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মাযহারুল শাহিন, অধ্যাপক প্রভাত চন্দ্র সরকার ঢাকা মেডিকেলে উপ-পরিচালক ডা.আশরাফুল আলমসহ বাংলাদেশ এবং চায়নার অন্যান্য চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে ড. লিউ ইউয়িন বলেন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ আয়োজনের সফলতা কামনা করছি। চীন ও বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চায়না-বাংলাদেশ পোস্টগ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুই দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার ক্ষেত্রে যে সমর্থন ও অংশগ্রহণ রেখেছেন, সে জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানাই।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাযহারুল শাহিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিশেষায়িত বিভাগে চীনা চিকিৎসক দলের তিন দিনের সফর শেষে সমাপনী অনুষ্ঠান হচ্ছে। এ সফরে চীনা দলের সদস্যরাও উপলব্ধি করেছেন, এখানে এমন অনেক বিরল রোগের রোগী রয়েছেন, যেগুলো বিশ্বের অন্যান্য অঞ্চলে খুব একটা দেখা যায় না। চিকিৎসাবিজ্ঞানের বইয়ে উল্লেখিত এমন কোনো রোগ নেই, যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় না।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তবে কোনো রোগীর সঙ্গে দুর্ব্যবহার করা হবে না কিংবা তাঁকে ভুল চিকিৎসা দেওয়া হবে না—এটাই আমাদের অঙ্গীকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, চীনের ইউনান প্রদেশ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গত তিন দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং আধুনিক চিকিৎসাপ্রযুক্তি স্থানান্তরের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশের সরকার কাজ করছে। গত ৩ নভেম্বর চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের ৬-৭ সদস্যের দলটিকে স্বাগত জানানো হয়। তাঁদের এ সফরে বাংলাদেশের চিকিৎসকেরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দরিদ্র রোগীরাও উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের সফরের পাশাপাশি আরও বেশি চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।













