শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যশোর শহর থেকে ১৯ কিমি. দূরে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে রয়েছে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার। এই বারোবাজার থেকেই সর্বপ্রথম তারা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন গোটা দক্ষিণ বাংলায়। এ মাজারে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন অসংখ্য ভক্ত-অনুরাগী। বেশির ভাগই তাদের মনোকামনা পূরণে ‘মানত’ করেন। সেই মনোকামনা পূরণে মাজারের বটগাছসহ অন্যান্য গাছের ডালে বেঁধে রাখেন পলিথিনের টুকরো, লাল-নীল-সাদা সুতা। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে-ত্রয়োদশ শতাব্দীতে এ অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর খাঁ গাজী। তার ছেলের নাম বরখান গাজী। তিনি সাধারণত বরখান গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার মেয়ে চম্পাবতীকে বিয়ে করেন।
বারোবাজার বারো আউলিয়ার স্মৃতি বহনকারী একটি জনপদ। তুর্ক-আফগান আমলে এ স্থান মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত ছিল। ঐতিহাসিকদের মতে, বিরাট নগরের রাজা ছিলেন সিকান্দার শাহ। আর রানি ছিলেন অজুপা সুন্দরী। রাজা-রানির প্রথম ছেলে জুলহাস শিকার করতে গিয়ে নিরুদ্দেশ হন। গাজী ছিলেন তাদের দ্বিতীয় ছেলে এবং কালু ছিলেন তাদের পালিত ছেলে। রাজা-রানি প্রাপ্তবয়স্ক গাজীকে রাজ্যভার দিতে চাইলে তিনি রাজ্যভার না নিয়ে, পালিত ভাই কালুকে নিয়ে পালিয়ে সুন্দরবনে এসে উপস্থিত হন। তারা ফকিরবেশে বহুদেশ ঘুরে ব্রাহ্মণ নগরের মুকুট রায়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। তাকে পরাজিত করে ছাপাইনগর শ্রীরাম রাজার দেশে আগমন করেন। এই ছাপাইনগর হলো আধুনিক বারোবাজারের একাংশ।
এ সম্পর্কে আরেকটি মতে বলা হয়েছে-মুসলিমবিদ্বেষী মুকুট রায়ের সেনাপতি ছিলেন রাজা প্রভাকরপুত্র আরেক মুসলিমবিদ্বেষী দক্ষিণ রায়। তার এই বিদ্বেষের কথা জানতে পেরে ‘বৈরাটনগরের প্রবল পরাক্রান্ত সেকান্দার শাহের পুত্র বড় খাঁ গাজী বহু সৈন্য-সামন্ত নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন। খনিয়া ময়দানে দুপক্ষের ভয়াবহ যুদ্ধ হয়। কথিত আছে, গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গাজীকে এই যুদ্ধে সৈন্য দিয়ে সহায়তা করেন। দক্ষিণ রায় বীরবিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত টিকতে পারেননি। একপর্যায়ে গাজী সদলবলে রাজদরবার অভ্যন্তরে প্রবেশ করলে মুকুট রায় আত্মসমর্পণ করেন। পরাজয়ের গ্লানি সইতে না পেরে পরিবারের বেশির ভাগ সদস্য সেখানে থাকা কূপে লাফিয়ে আত্মহত্যা করেন। শুধু তার ছোটছেলে কামদেব এবং একমাত্র কন্যা সুভদ্রা ওরফে চম্পাবতী সেনাদের হাতে আটক এবং পরে ধর্মান্তরিত হন। এরপর গাজীর সঙ্গে চম্পাবতীর বিয়ে এবং কামদেব ইসলাম প্রচারে ভূমিকা রাখেন। ঐতিহাসিক এএফএম আবদুল জলিলের মতে, গাজী পৈতৃক ভূমি থেকে পলায়নপর বহুজনপদ ভ্রমণ করে ছাপাইনগরের শ্রীরাম রাজার দেশে অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন।













