• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৩৪
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৩৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে কথা হয়েছে। আমরা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে—তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।

নাহিদ বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি।

এ ছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম