• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, সিদ্ধান্ত পরে

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৪৩
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৪৩

 

তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা। ব্রিফিংয়ে বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত সভার কার্যক্রম চলে।

বোর্ডের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে সভার আলোচনা তখনো শেষ হয়নি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। মালিকপক্ষের প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তারা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধানের কারণে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ না হলে সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই।

শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে। মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সেদিনও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে মালিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দিয়েছে আজকের সভায়। সেটি নিয়েই আলোচনা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম