• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকার দুই সিটির নির্বাচন: চূড়ান্তের পথে মেয়র প্রার্থী

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:৫৮
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:৫৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী বাছাই চূড়ান্ত করার শেষ পর্যায়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির অভ্যন্তরীণ আলোচনা প্রায় শেষ। দলীয় সূত্রের দাবি, দুই সিটিতে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও আবদুস সালামকে চূড়ান্ত করছে দলটি। ইতোমধ্যে তাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। নগর প্রশাসনের অভিজ্ঞতার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার দায়িত্ব দিয়ে তাদের নির্বাচনে প্রস্তুতি গ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দুই সিটিতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আরও কয়েকজন। উত্তরে তাবিথ আউয়াল ও এম এ কাইয়ুম এবং দক্ষিণে ইশরাক হোসেন ও হাবিব-উন-নবী খান সোহেলের নামও আলোচনায় রয়েছে।

১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়। তবে এই উদ্যোগে দলের ভেতরই সমালোচনা হয়েছে। দলটির অনেক নেতার যুক্তি, সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্বে সমন্বয় নিশ্চিত করতে আস্থাভাজন ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। ঢাকার দুই সিটির প্রশাসক নিয়োগ এবং মহানগর বিএনপির নেতৃত্ব পুনর্গঠনের ক্ষেত্রেও এমন রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণ কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। উত্তরে দায়িত্ব পান মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণে আবদুস সালাম। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাদের মহানগর বিএনপির নেতৃত্বে আনা হয়েছে। এতে দুই সিটিতে তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিল্টন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন। এরপর তাকে ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিল্টন খবরের কাগজকে বলেন, ‘নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি। এখন অনেক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করছি।’

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
পরিষদের সদস্য সালাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ওই নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন।

আবদুস সালাম খবরের কাগজকে বলেন, ‘সিটি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের। দল আমাকে প্রাথমিক প্রস্তুতি নিতে বলেছে। সেই লক্ষ্যে আমি কাজ করছি।’

প্রশাসক হিসেবে দুই নেতাই নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদে কাজ করছেন। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ তাদের আলোচনায় এনেছে। এসব কর্মকাণ্ড নির্বাচনে তাদের ইতিবাচক সুবিধা দিতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা।

ঢাকা উত্তরে মনোনয়ন দৌড়ে মিল্টনের পাশাপাশি রয়েছেন তাবিথ আউয়াল ও এম এ কাইয়ুম। ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তাবিথ। আগের নির্বাচনের অভিজ্ঞতা, নগর রাজনীতিতে পরিচিতি এবং নিজস্ব ভোট ভিত্তি তার বড় শক্তি। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে দলের ভেতরে কী প্রতিক্রিয়া তৈরি হবে, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে।

অন্যদিকে প্রশাসক হিসেবে মিল্টনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আসা তার অবস্থান শক্তিশালী করেছে। এম এ কাইয়ুমের রয়েছে মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে যোগাযোগ। ফলে উত্তরের মনোনয়ন প্রতিযোগিতায় তিনজনের অবস্থানই গুরুত্বপূর্ণ।

এদিকে দক্ষিণে আবদুস সালামের পাশাপাশি আলোচনায় রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

২০২০ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পেয়েছিলেন। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকার মেয়র। ফলে দক্ষিণের নগর রাজনীতিতে তার পরিচিতি ও নির্বাচনি ভিত্তি রয়েছে। তবে বর্তমানে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাকে আবার সিটি নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের ঘটনাও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে আবদুস সালামের রয়েছে নগর প্রশাসনের অভিজ্ঞতা ও বর্তমান দায়িত্ব। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের রয়েছে দীর্ঘদিনের সাংগঠনিক পরিচিতি এবং মহানগর দক্ষিণের রাজনীতিতে শক্ত যোগাযোগ। ফলে দক্ষিণেও মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে একাধিক বিষয় বিবেচনা করতে হচ্ছে দলকে।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কয়েকটি আসনে জামায়াতের সাফল্য বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ঢাকা-৪ ও ঢাকা-৫, ঢাকা-১৪, ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থীরা জয়ী হয়েছেন। ঢাকা-১০ ও ঢাকা-১৬ আসনেও দুই দলের প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ছিল তুলনামূলক কম।

এদিকে এনসিপি উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্তরে সেলিম উদ্দিন ও দক্ষিণে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। ফলে বিএনপিকে দলীয় জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত ভোট, ওয়ার্ডভিত্তিক যোগাযোগ এবং নাগরিক সমস্যা সমাধানে প্রার্থীর ভূমিকা বিবেচনায় নিতে হচ্ছে।

বিএনপির নেতারা মনে করেন, দীর্ঘদিন ঢাকার রাজনীতির সঙ্গে যুক্ত, থানা-ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ রয়েছে এবং নগরের সমস্যা সম্পর্কে ধারণা আছে, এমন জনবান্ধব নেতাকে প্রার্থী করা উচিত। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই কাজ করবেন।

সব মিলিয়ে উত্তরে মিল্টন ও দক্ষিণে আবদুস সালামকে ঘিরে মনোনয়ন আলোচনা জোরালো হলেও তাবিথ, কাইয়ুম, ইশরাক ও সোহেলের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তাই বিএনপিকে দলীয় ঐক্য, নগরবাসীর গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর শক্তি বিবেচনায় নিতে হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম