গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে দলটির সম্ভাব্য কৌশল সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং তা ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বড় নাশকতার মহড়া দিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি ভালো এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন তারা অন্য কোথাও নাশকতার পরিকল্পনা করছে।
তিনি জানান, গোপালগঞ্জে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে শতাধিক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববারের তুলনায় সোমবার পুলিশের সদস্যসংখ্যা দ্বিগুণের বেশি বাড়িয়ে দুই হাজারের বেশি করা হয়েছে। বিজিবির মোতায়েন ৬ প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি এসআরবির পেট্রল টিমের সংখ্যাও একটি থেকে বাড়িয়ে চারটি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নাশকতাকারীদের দমনে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাঙচুরে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ তাদের কৌশল সম্পর্কে জেনে গেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
ঢাকার প্রবেশপথে কড়া নজরদারি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীর চারপাশের প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। ফলে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে।
তিনি জানান, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের ধরতে দেশজুড়ে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার রসদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।
বিদেশে বসে পরিকল্পনা
পুলিশ সূত্র জানায়, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা ভারত, লন্ডন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বসে নাশকতার পরিকল্পনা করছেন। সম্প্রতি ভারতের কলকাতার রাজারহাট ও নিউটাউন এলাকায় দলটির কয়েকজন নেতার গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে বলে দাবি সূত্রের।
সূত্রের ভাষ্য, বিদেশ থেকে ভার্চুয়ালি ও গোপন বৈঠকের মাধ্যমে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সাজানো ছবি, কৃত্রিম কণ্ঠে তৈরি ফোনালাপ ছড়িয়ে এবং ছোট ছোট গোপন দল গঠন করে কর্মীদের সক্রিয় করার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।
গোপালগঞ্জের ঘটনাকে মহড়া মনে করছে পুলিশ
রোববার গোপালগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেন। এ সময় শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত করতে ফরিদপুর, পিরোজপুর, বাগেরহাট ও মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোক আনা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, আগামী ১৯ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের ঘটনা ছিল বড় ধরনের নাশকতার পরীক্ষামূলক তৎপরতা। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে কর্মী ও ক্যাডারদের ঢাকায় এনে জড়ো করার পরিকল্পনা থাকতে পারে। রাজধানী অচল করার এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন বলেন, নিষিদ্ধ দলের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ও তল্লাশির সংখ্যা বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। নাশকতা প্রতিরোধে ডিএমপি সতর্ক ও প্রস্তুত রয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট দল বা এর অঙ্গসংগঠনের লোকজন জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অর্থের বিনিময়ে কিছু লোককে এসব কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অর্থের উৎস শনাক্তে তদন্ত চলছে।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক নাজমুস সাকিব জানান, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী কাজ করছে। শুধু গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।













