• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প – সর্বাত্মক অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৯:২৩
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৯:২৩

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প - সর্বাত্মক অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের
 

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবশেষ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করে উদ্ধার, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং প্রাণহানি কমাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শি জিনপিংয়ের বরাত দিয়ে বলা হয়, ভূমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে প্রাণহানি যতটা সম্ভব কমানো যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি বেশ উঁচুতে অবস্থিত এবং সেখানে তীব্র ঠান্ডা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দ্রুত জরুরি উদ্ধারসামগ্রী পাঠানোর ওপর গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করা এবং দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম