• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৪৭
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৪৭

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
 

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবে দেশ দুটি। খবর রয়টার্সের

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করবে। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা হবে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে এ ঘোষণা আসে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, উপসাগরীয় অঞ্চলে যেন আবার যুদ্ধ শুরু না হয়, সে জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংলাপের পরিবেশ তৈরি এবং শান্তি প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন এরদোগান।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে তারা। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে জ্বালানি অংশীদারত্ব আরও বিস্তৃত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ওই চুক্তি অনুমোদন করেছে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পথ তৈরি হয়েছে আঙ্কারার জন্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম