যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টারও বেশি সময় জুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ১৫ লাখের বেশি যাত্রী। দেশটির বিমানবন্দরগুলো থেকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার পর প্রায় ১১ হাজার ফ্লাইট ছাড়ার কথা থাকলেও হঠাৎ করে সেগুলোর উড্ডয়ন স্থগিত করা হয়। খবর আল জাজিরার
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এতে নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়তে না পারায় বিপাকে পড়েন লাখো যাত্রী। শুক্রবার বিকেল ৪টার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ১৫ লাখের বেশি যাত্রী নিয়ে প্রায় ১১ হাজার ফ্লাইট উড্ডয়নের কথা ছিল।
তবে রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরও ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বাতিল ও বিলম্বিত ফ্লাইটের জট সামলাতে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে কাজ করতে হচ্ছে।
এদিকে টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাটের কারণে দেশজুড়ে বিমান চলাচলে এমন বিঘ্নের ঘটনায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক প্রভাব পড়েছে।













