সিলেট ব্যুরো
ছবি : সংগৃহীত
একটি দল দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে চেষ্টা করছে, তবে তাদের এসব অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি জনগণও সজাগ আছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভারতে পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সিলেটের রাতারগুলের একটি রিসোর্টে উপস্থিতির বিষয়ে সাংবাদিকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, মাদক ও জুয়া-সংক্রান্ত মামলাগুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যাতে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। পাশাপাশি বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।
মন্ত্রী আরও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে।
অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনলাইন জুয়ার কারণে অনেকেই সারাদিনের উপার্জন হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের পরিবারে, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। তাই মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠায় পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। কোনোভাবেই এসব অপরাধের ক্ষেত্রে আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।













