• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৫৪
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৫৪

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট 2
 

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা আগামী ৬ ডিসেম্বর। এই সময়সীমা যত এগিয়ে আসছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ততই তাকে হটাতে চাওয়া বিরোধী ‘পরিবর্তন’ জোটের ভেতরের ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। গত বুধবার জোটের বড় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে নেতানিয়াহু গোপনে একটি বৈঠক করেন। এ ঘটনায় বিরোধী জোটে বেশ তোলপাড় শুরু হয়েছে। খবর আল জাজিরার।

আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠককে নেতানিয়াহুর দপ্তর ‘নিরাপত্তা ব্রিফিং’ বললেও গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সূত্রগুলো একে ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে দেখছে। সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বৈঠকের বিষয়ে বেনেট আগে থেকে আইজেনকোটকে কিছুই জানাননি। এরপর বিরোধী নেতাদের এক বৈঠকে বেনেট নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গড়ার সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেন বলে চ্যানেল ১২ জানিয়েছে। জোটের এক জ্যেষ্ঠ নেতা ওয়াইনেটকে বলেন, বেনেটকে ব্যবহার করে নেতানিয়াহু বিরোধী জোট ভাঙার চেষ্টা করছেন।

বিরোধী জোটের নেতাদের মতাদর্শের অমিল এবং অতীতে নেতানিয়াহুর সঙ্গে কাজ করার ইতিহাস জোটের টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে। জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট এবং বেনেটের জোটসঙ্গী ইয়ার লাপিদ মধ্যপন্থী হলেও বেনেট ও আভিগদোর লিবারম্যান ডানপন্থী। বেনেট একজন ধর্মীয় জাতীয়তাবাদী নেতা। ২০২১ সালে লাপিদের সঙ্গে মিলে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসন শেষ করার আগে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ ছিলেন। অন্যদিকে, লিবারম্যান ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ এবং আগে নেতানিয়াহুর মন্ত্রিসভায় পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। জোটের আরেক নেতা ইয়ার গোলান বামপন্থী, যিনি ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাসী এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার কড়া সমালোচক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে আইজেনকোটের জোট পেয়েছে মাত্র ৪৮টি আসন। সরকার গড়তে তাদের আরও ১৩টি আসন দরকার। এই আসন ঘাটতি মেটাতে ইয়ার গোলান ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের দলগুলোর সমর্থনে সরকার গড়ার কথা বললেও জোটের ডানপন্থীরা ও লিবারম্যান তা মানতে নারাজ। এমনকি ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকিও দিয়েছে। অন্যদিকে, লিবারম্যানের দলের আসন ৭টি। তিনি অতি-রক্ষণশীল ইহুদি দল ‘শাস’ ও ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-এর ১৩টি আসনের সমর্থন পেতে কট্টরপন্থী ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে ছাড় দেওয়ার বিরোধিতা কিছুটা নরম করার ইঙ্গিত দিচ্ছেন। এতে তার নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ হয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।

জোটের ভেতরের দ্বন্দ্ব আগে থেকেই প্রকাশ্যে এসেছে। গত আগস্টে কট্টরপন্থীদের সামরিক সেবায় সীমিত ছাড় দেওয়ার আইজেনকোটের প্রস্তাবকে বেনেট ‘উন্মাদসুলভ ভুল’ বলেছিলেন। জবাবে আইজেনকোট বেনেট ও লিবারম্যানের বিরুদ্ধে ‘পুরোনো রাজনীতি’ করার অভিযোগ আনেন। নির্বাচনের আগে লিবারম্যান আইজেনকোটকে ‘গান্টজ ২.০’ বলে কটাক্ষ করেন এবং গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার অভিযোগ তোলেন। আর নির্বাচনের পর গোলান লিবারম্যানকে বলেন, তিনি যদি কট্টরপন্থীদের সেনাবাহিনীতে না নেওয়ার শর্তে সরকার চান, তবে নেতানিয়াহুর সঙ্গেই সরকার গড়তে পারেন।

অথচ বিরোধী জোটে আসার আগে এই নেতাদের অনেকেই নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন। ২০২০ সালে বেনেট বলেছিলেন, মতপার্থক্য থাকলেও তিনি নেতানিয়াহুকে সম্মান করেন এবং দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তিনি দেশের জন্য বড় কাজ করেছেন। আর ২০১৯ সালে লিবারম্যান এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর দুর্নীতির মামলা থেকে খালাস পাওয়ার আশা প্রকাশ করেছিলেন, অথচ এখন সেই মামলাগুলোকেই নেতানিয়াহুর অযোগ্যতার প্রমাণ বলছেন তিনি। এতগুলো মতপার্থক্য ও টানাপোড়েন সামলে আইজেনকোটের জোট শেষ পর্যন্ত সরকার গড়তে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: আল-জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম