শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজশাহীর মানুষ যেমন আন্তরিকতা জানেন, তেমনিই প্রয়োজনের সময় লড়াইও করতে জানেন। তারা দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গও করতে পারেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহীর মানুষকে খুবই শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন। রাজশাহীর মানুষ যেমন আন্তরিকতা জানেন, তেমনিই প্রয়োজনের সময় লড়াইও করতে জানেন। তারা দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গও করতে পারেন।
তিনি আরও বলেন, এই রাজশাহী থেকেই ক্রিকেট, ফুটবলসহ নানান খেলাধুলার জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছেছেন অনেকে। তারা বিশ্বমঞ্চে রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যেন এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।












