শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার রক্ষা করতে হলে জনগণের মধ্যে নিবিড় ঐক্য বজায় রাখা জরুরি।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শনের কথা স্মরণ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ১৯৫০-এর দশক থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে মওলানা ভাসানী দেশের স্বার্থ এবং জনগণের অধিকার রক্ষায় সঠিক দিশা দেখিয়ে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। তিনি বিশ্বাস করতেন, জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য না থাকলে স্বাধীনতা অর্জন যেমন সম্ভব নয়, তেমনি তা রক্ষা করাও সম্ভব নয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই ‘৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন সময়ে তিনি বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছিলেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে জুনায়েদ সাকি জানান, ফ্যাসিবাদী আমলের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে নানা চ্যালেঞ্জ তৈরি হলেও সরকার মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে পিছপা হয়নি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আউটসোর্সিং কর্মচারীদের জন্য নীতিমালা এবং নতুন শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের তিন বছরের মধ্যেই মজুরি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার রক্তে ভেজা এই নতুন জমিনে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি ও উগ্রবাদের পুনরুত্থান হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচাররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা চালালেও দেশের জনগণ তা সফল হতে দেবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ভাসানী জনশক্তির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। কিন্তু ৯৬-এর চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দিয়ে একটি ‘ফাঁকিবাজির চুক্তি’ করা হয়েছিল।
রিজভী আরও উল্লেখ করেন, ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন এবং বর্তমানে গঙ্গার প্রবাহ সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে।
মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে রিজভী জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।












