শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোনো ধরনের ক্ষমা প্রার্থনা, অনুশোচনা বা দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ নেই।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব করেন। ভাসানী জনশক্তি পার্টি এই সভার আয়োজন করে।
বক্তব্যে সাইফুল হক বলেন, আওয়ামী লীগ যেভাবে ফেরার চেষ্টা করছে, তাতে রাজনৈতিকভাবে ফিরতে গেলে তাদের রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে। কিন্তু গত আড়াই বছরে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো ক্ষমা নেই, অনুশোচনা নেই, এমনকি দায় স্বীকারও নেই। উল্টো তারা তাদের সব দুষ্কর্মকে নানাভাবে জায়েজ করার চেষ্টা করছে। এভাবে রাজনৈতিকভাবে ফেরা সম্ভব নয়।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার যেমন কেবল প্রতিশোধের বিষয় ছিল না, তেমনি বিগত প্রশাসনের হত্যাকাণ্ডের বিচারও কোনো প্রতিশোধের বিষয় নয়। এটি ন্যায্যতা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ন। ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থেই এই বিচার জরুরি বলে তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের অংশীদারদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের ভবিষ্যতের প্রশ্নে একটি বৃহত্তর বোঝাপড়া ও সমঝোতা প্রয়োজন। সেই বোঝাপড়ার দুর্বলতার সুযোগ নিয়ে একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
এছাড়া তিনি মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে পালন এবং শিশু শ্রেণি থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে তাঁর জীবন ও সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভাসানী জনশক্তির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আলোচনা সভায় প্রধান বক্তব্য দেন বক্তব্য রাখেন ভাসানী জনশক্তির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।












