শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন সনদ সম্পৃক্ত করা, পাঠ্যবইয়ে এ বিষয়ে পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা এবং ইউনিয়ন থেকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিরোধ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন সংসদ সদস্যরা। একই সঙ্গে কিশোরীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এ-সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সাব-কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, মো. রফিকুল ইসলাম খান ও কাজী রফিকুল ইসলাম অংশ নেন।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরে মাতৃত্ব নিরুৎসাহিত করা, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভাপতি বলেন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় জনপ্রতিনিধিদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
এসময় নারীর প্রতি পুরুষদের সহনশীল মনোভাব গড়ে তুলতে সেমিনার আয়োজন, বাল্যবিবাহ-সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ এবং নিবন্ধন ছাড়া বিয়ে বন্ধের বিষয়েও আলোচনা হয়। কোর্ট ম্যারেজের নামে আইন এড়িয়ে বাল্যবিবাহের সুযোগ বন্ধ করার পাশাপাশি যেসব জেলায় বাল্যবিবাহের হার বেশি ও কম, সেসব এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম (লিগ্যাল এইড) সক্রিয় রয়েছে। নির্যাতনের শিকার নারীরা এ সহায়তার মাধ্যমে দ্রুত বিচার পাওয়ার সুযোগ নিতে পারেন। এ ছাড়া পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। এসময় প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












