• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় গাড়ী চালককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:১৭
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:১৭

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় গাড়ী চালককে ছুরিকাঘাতে হত্যা
 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামে এক এক যুবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের শ্বাশুড়ি জানায় ইউসুফ চাদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গাড়ী চালক ছিলেন। বিগত ৮ মাস পূর্বে নার্গিস আক্তারের সাথে তার বিবাহ হয়। নার্গিস বর্তমানে ৭ মাসের অস্তঃসত্ত্বা। স্ত্রী কে নিয়ে ইউসুফ ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে কৃষক দল নেতা জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষের জের ধরে রাতের এ হামলার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরছেন। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে কৃষক দল নেতা জুয়েল আরমান ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় পাশের একটি গলিতে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে দেখতে পেয়ে তাকে ধরতে এগিয়ে যান তারা।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও কাঠের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এতে জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম, সোহেলসহ সাত থেকে আটজন আহত হন। জুয়েলের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম