শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসেও অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, বেবিচকের ই/এম প্রকল্পে ওভারটাইম বিল পরিশোধে অনিয়ম, ঠিকাদারদের বিল ছাড় করতে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের একটি দল অভিযান চালায়। এ সময় ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। পাশাপাশি ঠিকাদারদের বিল পরিশোধ ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম।
অন্যদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি, কার্ডিওলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায়, ওষুধের মজুদে গরমিল এবং অতিরিক্ত দামে চিকিৎসাসামগ্রী কেনার অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার এনফোর্সমেন্ট টিম। দলটি ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং রোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেয়।
অভিযানে কার্ডিওলজি বিভাগের ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায় এবং সেবা প্রদানে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে ইকো পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে যথাযথ রেজিস্টারে তথ্য সংরক্ষণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ ছাড়া ইকো কার্ডিও রুমে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেওয়ার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সাধারণ রোগীদের পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর দেওয়া হলেও অতিরিক্ত অর্থ প্রদানকারীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হতো।
হাসপাতালের ১৩৮ নম্বর বহির্বিভাগ ওষুধ বিতরণ কেন্দ্র পরিদর্শন করে স্টক রেজিস্টার যথাসময়ে হালনাগাদ না করা এবং রেজিস্টারের হিসাবের সঙ্গে বাস্তব মজুদের অমিল দেখতে পায় এনফোর্সমেন্ট টিম। কেন্দ্রীয় স্টোরে ওষুধের মজুদ যাচাই করেও একই ধরনের অসংগতি পাওয়া যায়।
অভিযানে সরবরাহ করা কয়েকটি ওষুধের প্যাকেটে ‘সরকারি সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ লেখা সিল বা চিহ্ন পাওয়া যায়নি। এতে এসব ওষুধ বাইরে বিক্রির সুযোগ থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে দুদক।
এ ছাড়া চিকিৎসাসামগ্রী ও বিভিন্ন পণ্য কেনার চালান যাচাই করে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। কয়েকটি পণ্য বাজারমূল্য কিংবা পণ্যের গায়ে মুদ্রিত খুচরা মূল্যের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে কেনা হয়েছে। সরবরাহ করা ওষুধ ও ইনজেকশনের প্যাকেটেও সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত থাকার প্রয়োজনীয় সিল বা চিহ্ন ছিল না। এসব বিষয়ে সংগৃহীত নথি, ক্রয়সংক্রান্ত চালান ও ওষুধের মজুদের হিসাব বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।
এদিকে, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদান, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদন গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগেও অভিযান চালানো হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে দলটি ছদ্মবেশে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালককে বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে অফিসের বাইরে দালালদের তৎপরতা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে সতর্ক করা হয়। সেবাগ্রহীতারা যাতে হয়রানি ছাড়াই পাসপোর্ট সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেয় দুদক। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
অন্যদিকে, শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও সেবাপ্রার্থীকে হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর।
অভিযানে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট টিম জানতে পারে, নামজারির একটি আবেদন দীর্ঘদিন আটকে রাখার পর দালালের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর ওই কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলেও জানতে পারে দলটি।
এসব অভিযানে সংগৃহীত তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে পৃথকভাবে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক।












