• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন
 

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন ট্রাম্প।

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

অন্যদিকে গত বুধবার বোয়িং ঘোষণা দেয়, তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইনস ১০০টি উড়োজাহাজ কিনেছে। আরও ৫০টি কেনার সুযোগ নিশ্চিত করেছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালের এক পোস্টে উড়োজাহাজ বিক্রির এই দুই ঘটনাকে বোয়িং ও মার্কিন পণ্য প্রস্তুতকারক খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প লিখেছেন, তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগও রাখা হয়েছে। এতে সহায়তা করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য দপ্তর।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, উড়োজাহাজ বিক্রির এই আয়, এই বিপুল মার্কিন রপ্তানি যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ‘বোয়িং ও আমি সব সময়ই যে বিষয়টি জানতাম, বাজার এখন সেটিই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।’

ট্রাম্প তাঁর পোস্টে বলেন, বোয়িং ও এর অসাধারণ কর্মীদের অভিনন্দন!

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম