বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। এ লক্ষ্যে দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রমের পাশাপাশি পেয়েছিলেন দেশবাসীর ভালোবাসা ও সমর্থন। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি। প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মাহি। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন, সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’
প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে মাহি লেখেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
প্রত্যাশিত ফল না এলেও এই প্রতিযোগিতার পুরো যাত্রাকে জীবনের মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাহি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’
পোস্টের শেষাংশে দেশের প্রতি ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে মাহি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।













