শরিয়াহ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এ ব্যবস্থার আওতায় মুসলিম শিক্ষার্থীরা শরিয়াহভিত্তিক সুদবিহীন শিক্ষা-ঋণ নিতে পারবেন।
দেশটি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সম্ভাব্য আবেদনকারীদের কাছে এই ব্যবস্থার প্রচার শুরু করেছে। পাশাপাশি, মুসলিম শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে গৃহীত এ পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে ব্রিটেনজুড়ে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ বা বিকল্প শিক্ষার্থী অর্থায়ন নামে পরিচিত এই ব্যবস্থাটি ইসলামি শরিয়াহর ওপর ভিত্তি করে তৈরি। শরিয়াহ নীতি অনুযায়ী, সুদ প্রদান করা বা গ্রহণ করা নিষিদ্ধ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই ঋণ ব্যবস্থা চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয় (ডিএফই) এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।
এই ব্যবস্থার উদ্দেশ্য হলো এমন একটি ধর্মীয় বাধা দূর করা, যা অনেক মুসলিম শিক্ষার্থীর মতে, তাদের যুক্তরাজ্যের প্রচলিত শিক্ষার্থী ঋণ পরিষেবা গ্রহণে নিরুৎসাহিত করে। তবে, সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে একটি আলাদা আর্থিক ব্যবস্থা তৈরির অভিযোগ ওঠায় এই পরিকল্পনাটি ঘিরে বিতর্কও শুরু হয়েছে দেশটিতে।
যেভাবে কাজ করবে সুদবিহীন ঋণ
প্রচলিত শিক্ষার্থী ঋণের বিপরীতে, প্রস্তাবিত এই নতুন ব্যবস্থায় কোনো সুদ ধার্য করা হবে না। এর পরিবর্তে, শিক্ষার্থীরা ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ (পারস্পরিক আর্থিক সহায়তা) নীতির ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ ‘অবদান’ (কন্ট্রিবিউশন) প্রদান করবেন। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী, একজন শিক্ষার্থী যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তা প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থার অধীনে পরিশোধযোগ্য অর্থের সমানই হবে।
প্রচলিত শিক্ষার্থী ঋণ কর্মসূচির সঙ্গে প্রস্তাবিত এই নতুন কর্মসূচির মূল পার্থক্যটি অর্থ জমা হওয়ার স্থানের মধ্যে নিহিত। প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় সুদ ও ঋণের কিস্তি সরাসরি সরকারের সাধারণ তহবিলে জমা হয়; কিন্তু শরিয়াহ-সম্মত এই ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদাভাবে সংরক্ষিত থাকবে এবং তা ভবিষ্যতে যারা এই ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচিতে যুক্ত হবেন, তাদের অর্থায়নে ব্যবহৃত হবে।
প্রস্তাবিত এই ঋণ পরিষেবা সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত থাকবে। যুক্তরাজ্যের সরকার জোর দিয়ে বলেছে যে, যে সব শিক্ষার্থী এই বিকল্প ব্যবস্থাটি বেছে নেবেন, তারা কোনো বিশেষ সুবিধা বা সস্তায় ঋণ পাবেন না; বরং প্রচলিত ব্যবস্থা ব্যবহারকারী শিক্ষার্থীদের মতোই তাদের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে এবং একই সময়সূচী মেনে চলতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, “বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল।”
সরকারের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যে পদ্ধতিই ব্যবহার করুক না কেন, তাদের সবাইকে ঋণ পরিশোধ করতে হবে; আর বিকল্প এই ব্যবস্থাতেও সুদের সমতুল্য অর্থ প্রদানের একটি বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে এ কর্মসূচি সুনির্দিষ্টভাবে কবে থেকে শুরু হবে। তবে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই আবেদনকারীদের প্রস্তাবিত ঋণ কর্মসূচি সম্পর্কে জানাতে শুরু করে দিয়েছে।
ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এই বিকল্পটিকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে অভিহিত করেছে, যা ইসলামী অর্থায়নের নীতিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। ইউনিভার্সিটি অফ লিডস শিক্ষার্থীদের জানিয়েছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই অর্থায়ন ব্যবস্থা চালু হতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং সিটি সেন্ট জর্জ’স আবেদনকারীদের জানিয়েছে যে, প্রস্তাবিত এই ঋণ ‘সুদভিত্তিক হবে না’। নিউক্যাসল ইউনিভার্সিটি এই অর্থায়ন কর্মসূচিকে ‘সুদবিহীন’ এবং ‘শরিয়াহ-সম্মত অর্থায়ন’ হিসেবে উল্লেখ করেছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি আরও এক ধাপ এগিয়ে এই কর্মসূচিকে ‘শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত’ বলে উল্লেখ করেছে—যা মূলত সেইসব শিক্ষার্থীদের জন্য, যারা ‘ধর্মীয় কারণে সুদযুক্ত ঋণ নিতে পারেন না।’
কেন এখন এ কর্মসূচি চালু করছে ব্রিটেন?
ইসলামী আইন অনুযায়ী সুদ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ। ব্রিটেনে উচ্চশিক্ষায় আগ্রহী কিছু মুসলিম শিক্ষার্থীর জন্য এটি একটি বিশেষ সমস্যার সৃষ্টি করেছে। যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুন মাসে জানিয়েছে যে, প্রস্তাবিত এই অর্থায়ন ব্যবস্থায় ‘কোনো সুদ অন্তর্ভুক্ত নেই।’ এই কর্মসূচিকে রাষ্ট্র-সমর্থিত প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী ঋণ প্রকল্প হিসেবে বর্ণনা করেছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান ঋণ ব্যবস্থা নিয়ে কিছু মুসলিম শিক্ষার্থীর উদ্বেগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২১ সালে প্রায় ৩৯,০০০ ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ‘মানসিক দ্বন্দ্ব’ বোধ করেন। এছাড়া, ৭১ শতাংশ শিক্ষার্থী মনে করেন যে, বর্তমান ব্যবস্থাটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।
তবে মুসলিম শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার্থী ঋণ নিষিদ্ধ— এমনটা মনে করছেন না সব ইসলামি আলেম। উদাহরণস্বরূপ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে যে প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে যুক্তরাজ্যের ‘ফতোয়া কাউন্সিল’সমর্থন করেছে।
সুতরাং নতুন এই ব্যবস্থাটি মূলত সেইসব শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যারা ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সুদমুক্ত কাঠামো হওয়া সত্ত্বেও, এ প্রকল্পটি সরকারের সম্মুখীন হওয়া আর্থিক ঝুঁকি দূর করবে না। বিদ্যমান শিক্ষার্থী ঋণ ব্যবস্থায়, ঋণের একটি বড় অংশ কখনোই পুরোপুরি পরিশোধিত হবে না বলে ধারণা করা হয়। বিকল্প ব্যবস্থাটির ক্ষেত্রেও একই ধরনের বৃহত্তর আর্থিক ঝুঁকি বিদ্যমান থাকবে; যার অর্থ হলো, শেষ পর্যন্ত করদাতাদেরই হয়তো অপরিশোধিত ঋণের বোঝা বহন করতে হতে পারে।
সরকার ইতোমধ্যে এ প্রকল্পের পেছনে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এই প্রকল্পটি তৈরি করতে সহায়তা করেছে। সমর্থকরা যুক্তি দেন যে, যদি এটি আরও বেশি শিক্ষার্থীকে তাদের ধর্মীয় নীতিতে আপোস না করে উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ করে দেয়, তবে এই ব্যয় ন্যায্য।
সমালোচকদের সতর্কবার্তা
প্রস্তাবিত এই ঋণ কর্মসূচি ইতোমধ্যেই বিরোধীদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। তাদের যুক্তি, ধর্মীয় কারণে একটি পৃথক ঋণ কাঠামো তৈরি করা সামাজিক বিভাজনকে আরও গভীর করতে পারে। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এই নীতিটিকে ‘জঘন্য’ ও ‘দ্বি-স্তরীয় ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন।
দ্য টেলিগ্রাফকে সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, এই জঘন্য ব্রিটিশ-বিরোধী প্রকল্পটি একটি দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা এবং বিভক্ত সমাজ তৈরি করবে। লেবার পার্টির এ প্রকল্পটি প্রমাণ করে যে তারা ব্রিটিশ জীবনের সকল ক্ষেত্রে দ্বৈত নীতিতে আসক্ত।
ব্রাভারম্যান আরও যুক্তি দেন যে, এই নীতি এমন পৃথক প্রতিষ্ঠান ও ব্যবস্থা তৈরি করতে পারে যা প্রকৃতপক্ষে ব্রিটিশ সমাজের সঙ্গে খাপ খায় না।
শরিয়া-সম্মত ঋণ প্রদানের ফলে এমন সমান্তরাল প্রতিষ্ঠান তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে যা ব্রিটিশ জীবনধারার সঙ্গে বেমানান, দ্য টেলিগ্রাফকে বলেছেন তিনি।
যুক্তরাজ্যের সরকার অবশ্য জোর দিয়ে বলেছে যে নতুন এ প্রকল্পটি মুসলিম শিক্ষার্থীদের কোনো বাড়তি সুবিধা দেবে না; বরং এই কর্মসূচি কেবল সেইসব শিক্ষার্থীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা, যারা আগ্রহ ও সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ সংক্রান্ত ধর্মীয় উদ্বেগের কারণে উচ্চশিক্ষায় প্রবেশে অনিচ্ছুক হচ্ছে।













